জেলা প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম
ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে তরুণীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তিন মাসে প্রায় ১৫ জন নারীকে বিয়ে করার অভিযোগ উঠেছে চীনা নাগরিক চেন ইয়ংয়ের বিরুদ্ধে। ভুয়া বিয়ের কাগজপত্র তৈরি করে নারীদের ঢাকার বিভিন্ন বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সর্বশেষ মানিকগঞ্জের ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
গত মঙ্গলবার রাতে ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেফতার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে ওই চীনা নাগরিককে কারাগারে পাঠানো হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা এবং আদালতে ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, চেন ইয়ং ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকের মাধ্যমে বিভিন্ন কিশোরী ও অবিবাহিত নারীর সঙ্গে পরিচিত হতেন। পরে প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। স্ট্যাম্পে বিয়ের ভুয়া কাগজপত্র তৈরি করে নারীদের ঢাকার বিভিন্ন এলাকায় নিয়ে আটকে রেখে ধর্ষণ করতেন বলে অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে খোঁজ নিতে গিয়ে অন্তত ১৫ নারীকে বিয়ের তথ্য পেয়েছে পুলিশ।
এদিকে, চেন ইয়ংকে গ্রেফতারের খবর পেয়ে বিভিন্ন বয়সী একাধিক নারী ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় সাভারের এক নারীও তাকে নিজের স্বামী বলে দাবি করেন। এসব ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। পরদিন তার বাবা মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে সোমবার রাতে নিখোঁজ শিক্ষার্থী তার বড় বোনকে ফোন করে জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়েছিল। একপর্যায়ে বিয়েসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে মানিকগঞ্জের একটি রেস্টুরেন্ট থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করে সে।
পরে ওই শিক্ষার্থীর বড় বোনের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের ওই বাসায় অভিযান চালায় মানিকগঞ্জ সদর থানা পুলিশ। সেখান থেকে শিক্ষার্থীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চীনা পাসপোর্ট, দুটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় জিডি হওয়ার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। পরে তার বড় বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরা থেকে শিক্ষার্থীকে উদ্ধার ও চেন ইয়ংকে গ্রেফতার করা হয়। শিক্ষার্থীর অভিযোগ, টিকটকের মাধ্যমে পরিচয়ের পর বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে ঢাকায় নিয়ে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে।
ওসি আরও জানান, বুধবার সন্ধ্যায় চেন ইয়ংকে আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বৃহস্পতিবার ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা এবং আদালতে ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, চেন ইয়ং চীনে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন এলাকার তরুণীদের সঙ্গে সম্পর্ক গড়ে ভুয়া কাগজপত্র তৈরি করে বিয়ে করতেন। তিনি ১৩ জন নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তার গ্রেপ্তারের খবর প্রকাশের পর আরও অনেক নারী থানায় যোগাযোগ করে প্রতারণার শিকার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিনিধি/এসএস