Dhaka Mail Logo

সারাদেশ

৩০ দিন ধরে জ্বলছে ইনানীর গ্যাসের আগুন, নিয়ন্ত্রণে বাপেক্সের প্রস্তুতি

জেলা প্রতিনিধি

২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম

কক্সবাজারের উখিয়ার ইনানীর ছোটখাল এলাকায় টানা ৩০ দিন ধরে জ্বলতে থাকা পরিত্যক্ত নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এনে গর্তের মুখ স্থায়ীভাবে বন্ধ করার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলের পর থেকে ধাপে ধাপে আগুনের তীব্রতা কমিয়ে নিয়ন্ত্রণের কার্যক্রম শুরুর কথা জানিয়েছে সংস্থাটি। তবে সকালে গর্তের মুখ বন্ধের প্রাথমিক চেষ্টা শুরুর মাত্র সাত মিনিটের মাথায় আবারও আগুন জ্বলে ওঠে।

বাপেক্সের ড্রিলিং সুপারিনটেনডেন্ট মো. রকিবুল হাসান জানান, প্রথমে আগুনের তীব্রতা কমিয়ে নিয়ন্ত্রণে আনা হবে। এরপর পর্যায়ক্রমে কেসিং পাইপ, ড্রিলিং পাইপ ও বিশেষ ভেন্ডনিক্স কেমিক্যাল ব্যবহার করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে। এ প্রক্রিয়া সফল হলে শেষ ধাপে সিমেন্টিংয়ের মাধ্যমে গর্তের মুখ স্থায়ীভাবে বন্ধ করা হবে।

3e5b956e-0214-466c-b13a-865d3f85c4bf

তিনি আরও জানান, ঘটনাস্থলে শুধু পকেট গ্যাস নয়, একটি পূর্ণাঙ্গ গ্যাসক্ষেত্র থাকারও সম্ভাবনা রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ইনানী ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় ভূতাত্ত্বিক জরিপ চালানো হবে। এ জরিপ শেষ করতে প্রায় এক বছর সময় লাগতে পারে। পরে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সম্ভাব্য গ্যাসের মূল কাঠামো ও মজুতের অবস্থান নির্ধারণ করা হবে।

জানা গেছে, গত ২৭ অক্টোবর ইনানীর ছোটখাল এলাকায় একটি ভাড়াবাসার পাশে থাকা পরিত্যক্ত নলকূপ থেকে প্রথমে পানি এবং পরে গ্যাসের সঙ্গে আগুন বের হতে শুরু করে। প্রথম দিকে ঘটনাটিকে সীমিত পরিসরের ‘পকেট গ্যাস’ হিসেবে বিবেচনা করে প্রায় ১৫ দিন আগুন জ্বলতে দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের পরও আগুন না নেভায় বিষয়টি নতুন করে মূল্যায়ন শুরু করেন বাপেক্সের বিশেষজ্ঞরা।

ffaf20f2-ef6a-47f1-85c2-00cefb9ec9e6

একপর্যায়ে সেখানে বড় ধরনের গ্যাসের মজুত কিংবা গ্যাসক্ষেত্র থাকার সম্ভাবনা বিবেচনায় নিয়ে আগুন নিয়ন্ত্রণ ও গর্তের মুখ স্থায়ীভাবে বন্ধ করার পরিকল্পনা নেওয়া হয়। দীর্ঘ প্রস্তুতি ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের পর বৃহস্পতিবার চূড়ান্ত অভিযান শুরুর উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

বাপেক্স কর্মকর্তাদের আশা, আগুন নিয়ন্ত্রণে আনার পর বিস্তারিত ভূতাত্ত্বিক অনুসন্ধানের মাধ্যমে ওই এলাকায় গ্যাসের প্রকৃত মজুত, বিস্তৃতি ও সম্ভাবনা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। অনুসন্ধান সফল হলে ইনানীতে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে।

প্রতিনিধি/এসএস