Dhaka Mail Logo

সারাদেশ

শিশুকে ধর্ষণচেষ্টা, যুবকের ৭ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি

২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম

ফরিদপুরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার দায়ে প্রতিবেশী যুবক সুমন হাওলাদারকে (২৪) সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সুমন হাওলাদার আদালতে উপস্থিত ছিলেন।

সুমন হাওলাদার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামের জাকির হাওলাদারের ছেলে।

মামলার এজাহার, অভিযোগপত্র ও আদালতসংশ্লিষ্ট নথি সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় চণ্ডীদাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। একই গ্রামের বাসিন্দা হওয়ায় সুমন হাওলাদারের সঙ্গে শিশুটির পরিবারের প্রতিবেশীসুলভ পরিচয় ছিল। সেই পরিচয়ের সূত্র ধরে বিভিন্ন অজুহাতে তাদের বাড়িতে যাতায়াত করতেন তিনি।

এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২৬ জুন বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে শিশুটির মা শিউলি আক্তার ইউনিয়ন পরিষদে গেলে বাড়িতে একা ছিল শিশুটি। এ সুযোগে সুমন তাদের বসতঘরে প্রবেশ করেন। একপর্যায়ে শিশুটির মুখ চেপে ধরে ওড়না দিয়ে তার দুই হাত বেঁধে ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় শিশুটির মা বাড়িতে ফিরে মেয়ের কান্নার শব্দ শুনে ঘরের বারান্দায় যান। মায়ের উপস্থিতি টের পেয়ে সুমন খাটের নিচে লুকিয়ে পড়েন। পরে তাকে খাটের নিচ থেকে বের হয়ে আসতে বললে তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় পরদিন শিশুটির মা শিউলি আক্তার বাদী হয়ে ভাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার উপপরিদর্শক (নিরস্ত্র) রাকিব হোসেন ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ, ভুক্তভোগী শিশুর বক্তব্য এবং সংশ্লিষ্ট আলামত ও তথ্য-প্রমাণ পর্যালোচনা করেন। পরে সুমন হাওলাদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি।

আদালতে সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক সুমন হাওলাদারকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রায়ের বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, ১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে সুমন হাওলাদারকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এসএস