Dhaka Mail Logo

সারাদেশ

ঝিনাইগাতীতে ভূমি অফিসে দুর্বৃত্তের আগুন

জেলা প্রতিনিধি

২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের আসবাবপত্রসহ ভূমিসংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে নষ্ট হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর কার্যালয়টি ঘিরে রেখেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা ভূমি কার্যালয়ের জানালার কাচ ভেঙে ভেতরে আগুন ধরিয়ে দেয়। আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে কার্যালয়ের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।

ঝিনাইগাতী উপজেলা বিএনপির সদস্য ফারুক হোসেন অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে থাকতে পারে। রাজগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাটিও তাঁদের পরিকল্পনার অংশ বলে মনে করেন তিনি।

ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই একটি কক্ষের আলমারিতে রাখা নথিপত্রসহ অন্যান্য কাগজপত্র পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিরূপণ করা হবে।

ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুভাগম সরকার বর্ণ অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ভোররাতে দুর্বৃত্তরা ভূমি কার্যালয়ে আগুন দেয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেরপুরের পুলিশ সুপার এ টি এম জহিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি তদন্তও অব্যাহত রয়েছে। তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এজে