Dhaka Mail Logo

সারাদেশ

পালানো ফ্যাসিস্টরা আর দেশে ফিরতে পারবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি

২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জনরোষে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালানো ফ্যাসিস্ট শাসক আর কখনও দেশে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদী পুনঃখনন কার্যক্রমের স্থান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পতিত ফ্যাসিস্টরা এবং তাদের নেত্রী জনরোষে দেশ ছেড়ে পালিয়েছেন, পৃথিবীর ইতিহাস বলে, পালানোর পর সেই শাসক আর কখনও দেশে ফিরে আসতে পারেন না। ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ঐক্যবদ্ধ হয়ে সেই ফ্যাসিস্টদের চিরতরে বিদায় দিয়েছে।

তিনি বলেন, আজকে বিভিন্নভাবে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে ফিরে আসার স্বপ্ন দেখছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। জনগণ ২৪ আগস্ট তাদের প্রত্যাখ্যান করেছে, ১২ ফেব্রুয়ারির নির্বাচনেও প্রত্যাখ্যান করেছে। আর আদালত যাকে সাজা দিয়েছেন, তাকে দেশে ফিরতে হলে প্রচলিত আইন মেনেই আসতে হবে।

এর আগে প্রতিমন্ত্রী করতোয়া নদী পুনঃখননের স্থান নির্ধারণ ও পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো, জেলা বিএনপির সভাপতি ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন, জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলামসহ অনেকে।

আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান করতোয়া নদীর গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৫ কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধন করবেন বলে এ অনুষ্ঠানে জানানো হয়।

প্রতিনিধি/ এজে