জেলা প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৬, ০২:১৩ পিএম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সীমান্তের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে রাতভর পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। একই সঙ্গে সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৫ নভেম্বর) রাত ১০টা থেকে আটটি দলে ভাগ হয়ে সীমান্তের বিভিন্ন স্থানে অবস্থান নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিজিবি সদস্যদের পাশাপাশি তারাও সীমান্ত এলাকায় নজরদারি করছেন।
এর আগে, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জামালপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও জামালপুর পৌরসভার সাবেক মেয়র ছানোয়ার হোসেন ছানু শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে একটি খোলা চিঠি দেন। ওই চিঠিতে সম্ভাব্য প্রবেশপথ হিসেবে জামালপুরের কামালপুর সীমান্ত ব্যবহারের বিষয়টি বিবেচনার অনুরোধ জানান তিনি।
এ পরিস্থিতিতে সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ ঠেকানো এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সবুজ মিয়া বলেন, “আমরা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সীমান্তে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে দেব না। আমাদের সীমান্ত আমরা জীবন দিয়ে রক্ষা করব। অবৈধভাবে কাউকে সীমান্ত দিয়ে প্রবেশ করতে দেব না।”
ধানুয়া কামালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোশারফ হোসেন বলেন, “আমরা দেখেছি, ছানু খুনি হাসিনাকে উদ্দেশ করে খোলা চিঠি দিয়েছেন এবং কামালপুর সীমান্ত দিয়ে দেশে ফেরার কথা বলেছেন। এ ছাড়া গুঞ্জন শুনেছি, সীমান্তে আওয়ামী লীগের লোকজন এসে পরিস্থিতি দেখে গেছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই পথ দিয়ে হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। ধানুয়া কামালপুর ইউনিয়ন যুবদল সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবির পাশাপাশি আমরাও সীমান্ত পাহারা দিচ্ছি।”
ধানুয়া কামালপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল হালিম বলেন, “আমরা আগে থেকেই সীমান্তে নিয়মিত দায়িত্ব পালন ও পাহারা দিয়ে আসছি। চলমান পরিস্থিতি বিবেচনায় সীমান্তে নজরদারি ও নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে যেন কেউ অবৈধভাবে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।”
প্রতিনিধি/এসএস