উপজেলা প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৬, ০২:০২ পিএম
১৬ ডিসেম্বর বিজয় দিবসে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে যশোরের বেনাপোল সীমান্তে বাড়তি সতর্কতা ও রাজনৈতিক তৎপরতা দেখা গেছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে রাতভর সার্চলাইট জ্বালিয়ে টহল দিচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। একই সঙ্গে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে পাহারা দিচ্ছেন।
বুধবার (২৫ নভেম্বর) রাত থেকে বেনাপোল সীমান্তসংলগ্ন বিভিন্ন সড়কে জামায়াতের নেতাকর্মীরা মোটরসাইকেল র্যালি বের করেন। অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেন। এ সময় তাদের বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতেও দেখা যায়।
এদিকে সীমান্তের নিরাপত্তায় তৎপরতা বাড়িয়েছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। রাতের অন্ধকারে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সার্চলাইট জ্বালিয়ে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে সীমান্তের সার্বিক পরিস্থিতির ওপর নজরদারি জোরদার করা হয়েছে।

শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, “আমরা প্রতিদিনই সীমান্ত পাহারা দিচ্ছি এবং সভা-সমাবেশ করছি। আমার নেতৃত্বে যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল করছেন। কারও কথায় কান দেবেন না। সীমান্তের ওপারে বসে তারা গুজব ছড়াচ্ছে।”
সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে বেনাপোল সীমান্তে নিরাপত্তা ও রাজনৈতিক তৎপরতা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে তিনি বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরবেন, এমন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এদিকে তার মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, দেশে ফেরার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ব্যবস্থা চাওয়া হয়েছে।
প্রতিনিধি/এসএস