Dhaka Mail Logo

সারাদেশ

নেত্রকোনায় ইউএনওর কার্যালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

জেলা প্রতিনিধি

২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৬ এএম

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার ( ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে এদিন ভোর ৪টার দিকে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কার্যালয়ের কয়েকটি কক্ষে থাকা সকল আসবাবপত্র ও নথি পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া পাশের আরও দুটি কক্ষ আংশিক ক্ষতি হয়েছে। তাৎক্ষণিক স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে। পরে খবর পেয়ে মদন ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভায়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সরেজমিনে তদন্তের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে— নেত্রকোনার একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে। সদস্য হিসেবে রয়েছেন পুলিশ সুপারের প্রতিনিধি, খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং খালিয়াজুরী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও সার্বিক পরিস্থিতি সরেজমিনে তদন্ত করে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিনিধি/টিবি