Dhaka Mail Logo

সারাদেশ

রংপুরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু

জেলা প্রতিনিধি

২৬ নভেম্বর ২০২৬, ১১:৪২ এএম

রংপুর নগরীর দর্শনায় তৌহিদ হাউজিং এলাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী রংপুর জেলা ইজতেমা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফজরের নামাজ পরবর্তি আম বয়ানের মধ্যদিয়ে এ ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আগামী শনিবার (২৮ নভেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা।

তিনদিনব্যাপী জেলা ইজতেমায় ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণ, দ্বীনি আলোচনা, ইসলামী বয়ান, নামাজ, জিকির ও আত্মশুদ্ধির নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই আয়োজনের মধ্য দিয়ে মুসল্লিদের মাঝে ধর্মীয় শিক্ষা, অনুশাসন, নৈতিক শিক্ষা, ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার প্রত্যাশা করা হচ্ছে। আর ইজতেমার শেষ দিন দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি, মানবতার মুক্তি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

এর আগে বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকেই ইজতেমার মাঠে মুসল্লিরা আসতে শুরু করেন। সন্ধ্যার মধ্যেই তারা সবাই ইজতেমার মাঠে উপস্থিত হয়ে নিজ নিজ খিতমায় অবস্থান গ্রহণ করেন। দেশের বিভিন্ন জেলাসহ দেশ ও বিদেশ থেকে তাবলিগের মুরব্বিরা অংশ নিয়েছেন বলে জানা গেছে। তিন দিনব্যাপী এ আয়োজনে ধর্মীয় আলোচনা, বয়ান ও বিভিন্ন আমল করবেন মুসল্লিরা। আগামীকাল শুক্রবার ইজতেমা মাঠে বিশাল পরিসরে জুম্মার নামাজ আদায় করা হবে। সেখানে লক্ষাধিক মুসল্লি অংশ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইজতেমা আয়োজক সূত্রে জানা যায়, গত বছর রংপুরে বিভাগীয় ইজতেমা অনুষ্ঠিত হলেও এবারে জেলা ইজতেমার আয়োজন করা হয়েছে। সুষ্ঠুভাবে ইজতেমার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন আয়োজক।

এদিকে, ইজতেমার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবক টিম নিয়ে মতবিনিময় সভা করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুহাম্মদ মাহবুবুর রশীদ। মতবিনিময় সভা থেকে ধর্মীয় আলোচনা ও কার্যক্রমকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ধর্মীয় পরিবেশের মধ্যে সীমাবদ্ধ রাখার ওপর গুরুত্বারোপসহ ইজতেমায় আগত দেশি-বিদেশি মেহমানদের নিরাপত্তা, যাতায়াত ও সার্বিক সেবার বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশনা প্রদান করা হয়। ইজতেমা মাঠের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সার্বক্ষণিক নজরদারি, বিদ্যুৎ সরবরাহের বিকল্প ব্যবস্থা হিসেবে জেনারেটর প্রস্তুত রাখা এবং প্রবেশপথে আগত মুসল্লিদের ব্যাগ ও মালামাল যথাযথভাবে তল্লাশির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুহাম্মদ মাহবুবুর রশীদ বলেন, ইজতেমার সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সকলের পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীলতা এবং সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রংপুর মেট্রোপলিটন পুলিশ আয়োজক কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকলের আন্তরিক সহযোগিতায় শুরু হওয়া রংপুর জেলা ইজতেমা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিনিধি/টিবি