Dhaka Mail Logo

সারাদেশ

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে, বাড়ছে শীতের তীব্রতা

জেলা প্রতিনিধি

২৬ নভেম্বর ২০২৬, ১০:১৮ এএম

হিমেল বাতাস আর কুয়াশার চাদরে ক্রমেই শীতের তীব্রতা বাড়ছে হিমালয়কন্যা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। প্রতিদিনই ওঠানামা করছে তাপমাত্রার পারদ। এর সঙ্গে উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসে বাড়ছে শীতের অনুভূতি। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের দাপট বেশি অনুভূত হচ্ছে। সকাল সকাল সূর্যের দেখা মিলছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। আগের দিন বুধবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। তাপমাত্রার খুব বেশি পরিবর্তন না হলেও কুয়াশা ও হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি বাড়ছে।

স্থানীয়রা জানান, রাত থেকেই ঠান্ডা বাতাস বইছে। সকালে আকাশ মেঘলা ও কুয়াশাচ্ছন্ন থাকায় সূর্যের দেখা মিলছে না। সকাল ও সন্ধ্যার পর শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা স্বাভাবিক থাকলেও বিকেলের পর আবারও বাড়ছে শীতের প্রকোপ।

শীতের এমন পরিস্থিতিতেও জীবিকার তাগিদে সকাল থেকেই কাজে বের হচ্ছেন নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। চা-বাগান, পাথর ও বালু উত্তোলন এলাকা, নদীঘাটসহ বিভিন্ন স্থানে কর্মব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। ভ্যানচালক, রিকশাচালক ও দিনমজুরদেরও কনকনে ঠান্ডা উপেক্ষা করে ছুটতে হচ্ছে জীবিকার সন্ধানে। তবে সকালের ঠান্ডা ও কুয়াশায় তাদের স্বাভাবিক কর্মজীবনে কিছুটা ভোগান্তি বাড়ছে।

অন্যদিকে, শীতের প্রভাবে শিশু ও বয়স্কদের ঠান্ডাজনিত স্বাস্থ্যঝুঁকি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সর্দি-কাশি, হাঁপানি ও নিউমোনিয়াসহ বিভিন্ন ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসছেন অনেকে। এ অবস্থায় শিশু ও বয়স্কদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। আগের দিন একই সময়ে তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। হিমালয়ঘেঁষা অবস্থানের কারণে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড়ে শীতের আগমন ঘটে আগে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।

প্রতিনিধি/টিবি