জেলা প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৯ এএম
মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশসহ নানা অনিয়মের দায়ে একটি হোটেলের মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সদর উপজেলার মঠেরবাজার এলাকায় ভাই ভাই হোটেলকে জরিমানা করা হয়।
সদর উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা।
তিনি জানান, দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে হোটেলের ব্যবসা পরিচালনা করে আসছে— এমন অভিযোগে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। এ সময় কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার, একই বঁটি দিয়ে মাছ-মাংস ও সালাদ কাটা, কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা, প্রয়োজনীয় অনুমোদন ও ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা এবং মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহারের মতো অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়৷ তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে। ভোক্তার স্বার্থে নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হবে।
প্রতিনিধি/টিবি