Dhaka Mail Logo

সারাদেশ

জীবননগরে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি

২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৫ এএম

চুয়াডাঙ্গার জীবননগরে মারধরে গুরুতর আহত আব্দুল খালেক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আব্দুল খালেক জীবননগর উপজেলার বাঁকা পূর্বপাড়ার আজের বক্সের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে ব্যক্তিগত প্রয়োজনে বাঁকা গ্রাম থেকে পাশের মিনাজপুরে যাচ্ছিলেন আব্দুল খালেক। পথে বাঁকা ইলাপাড়া এলাকায় তাকে একা পেয়ে সাবেক স্ত্রীর পরিবারের সদস্যরা মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, প্রায় দুই বছর আগে পাপিয়া খাতুনের সঙ্গে আব্দুল খালেকের বিবাহবিচ্ছেদ হয়। একটি মামলায় দীর্ঘদিন কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পান। এরপর সাবেক স্ত্রী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধ চলছিল। এর আগেও তাদের মধ্যে মারধরের ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।

 

চুয়াডাঙ্গার জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলাইমান সেখ জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাবেক স্ত্রীর পরিবারের সঙ্গে পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

প্রতিনিধি/টিবি