Dhaka Mail Logo

সারাদেশ

টার্গেটে পাহাড়ি নারীরা, ৬ বছরে পাচার ৭৩০ জন

জেলা প্রতিনিধি

২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩০ এএম

বিয়ে, চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি নারী ও কন্যাশিশুদের পাচারের ঝুঁকি বাড়ছে। গত ছয় বছরে (২০২০-২০২৫) পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় ৭৩০টির বেশি মানব পাচারের ঘটনা শনাক্ত ও রিপোর্ট করা হয়েছে। 

এর মধ্যে খাগড়াছড়িতে প্রায় ৪০০, রাঙামাটিতে ৩০০ এবং বান্দরবানে ৩০টি ঘটনা রয়েছে। সামাজিক কলঙ্ক, ভয় ও গোপনীয়তার কারণে প্রকৃত ঘটনার সংখ্যা আরও বেশি হতে পারে বলে এক গবেষণায় উঠে এসেছে। 

মানব পাচারবিষয়ক অ্যাডভোকেসি ও মিডিয়া ক্যাম্পেইনে উপস্থাপিত এক গবেষণাপত্রে এসব তথ্য প্রকাশ করা হয়। 

‘পার্বত্য চট্টগ্রাম থেকে সুদূর চীন: পার্বত্য চট্টগ্রামে মানব পাচার প্রতিরোধে আর্থ-সামাজিক চালিকাশক্তি এবং নীতিগত ঘাটতি’ শীর্ষক গবেষণায় বলা হয়েছে, প্রতারণামূলক বিয়ে, চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে পাচারকারী চক্র পাহাড়ি নারী ও তরুণীদের লক্ষ্যবস্তু করছে। 

এ ক্ষেত্রে আত্মীয়স্বজন ও পরিচিতজনের মাধ্যমে যোগাযোগের পাশাপাশি ফেসবুক, উইচ্যাট ও হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা হচ্ছে। এমনকি পাচারের উদ্দেশ্যে জন্মনিবন্ধন, নাম, বয়স ও অভিভাবকের তথ্য পরিবর্তনের মতো অনিয়মের বিষয়ও গবেষণায় উঠে এসেছে। 

গবেষণায় বলা হয়, দারিদ্র্য, বেকারত্ব, ভূমিসংকট, শিক্ষার সীমিত সুযোগ, লিঙ্গবৈষম্য এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষার দুর্বলতা পাহাড়ি নারী ও তরুণীদের মানব পাচারের ঝুঁকি বাড়াচ্ছে। বিদেশে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে নিয়ে যাওয়া অনেক নারী সেখানে গৃহস্থালি শ্রমে বাধ্য হওয়া, যৌন ও মানসিক নির্যাতন এবং ব্যক্তিস্বাধীনতা হারানোর মতো পরিস্থিতির শিকার হচ্ছেন। 

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা বলেন, চীনে অবস্থানরত অনেক নারী বিভিন্ন ধরনের বৈষম্য ও মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন। বাংলাদেশের নারীদের উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে চীনে পাচারের ঘটনাও উদ্বেগজনক। মানব পাচার প্রতিরোধে সংশ্লিষ্ট আইন যথাযথভাবে বাস্তবায়নের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা বলেন, মানব পাচারের ঘটনায় মামলা হলেও অনেক ক্ষেত্রে বাদীরা পরবর্তী সময়ে আপস-মীমাংসায় চলে যান। এতে অপরাধীরা আইনের ফাঁক গলে পার পাওয়ার সুযোগ পায়। 

তিনি মনে করেন, পাচারের শিকার হয়ে দেশে ফিরে আসা নারীদের অভিজ্ঞতা নিয়ে আরও গবেষণা প্রয়োজন। পাশাপাশি পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। বিচারপ্রক্রিয়া এগিয়ে নিতে অনলাইনে সাক্ষ্য দেওয়ার সুযোগ কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেন তিনি। 

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুষ্মিতা খীসা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন কিংবা আবেগঘন পোস্ট দেওয়া তরুণীরাও পাচারকারীদের লক্ষ্যবস্তু হতে পারেন। এ বিষয়ে তরুণীদের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন। 

তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা মানব পাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। 

কেএমকেএসের নির্বাহী পরিচালক গীতিকা ত্রিপুরা বলেন, মানব পাচার প্রতিরোধে জনগোষ্ঠীভিত্তিক সচেতনতা বৃদ্ধি, নারীদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন, বিদেশি নাগরিকের সঙ্গে বিয়ে নিবন্ধনের ক্ষেত্রে যাচাই-বাছাই জোরদার এবং পাচারের শিকার ব্যক্তিদের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি। 

গবেষণায় উঠে আসা এসব তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টরা মনে করছেন, পার্বত্য চট্টগ্রামে মানব পাচার প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারীদের অর্থনৈতিক সক্ষমতা তৈরি এবং পাচারকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।

প্রতিনিধি/এএইচ