Dhaka Mail Logo

সারাদেশ

সুনামগঞ্জে ইমন হত্যার দায়ে সাইমুনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি

২৫ নভেম্বর ২০২৬, ১০:২০ পিএম

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মুক্তাখাই গ্রামে রাখাল বালক ইমন হত্যার দায়ে সায়মন নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে আলোচিত এই মামলার রায় দেন সুনামগঞ্জ দায়রা জজ মুহাম্মদ হাবি্ুল্লাহ।

দণ্ডপ্রাপ্ত আসামি সায়মন ছাতক উপজেলার বড়কাপন গ্রামের দুদু মিয়ার ছেলে।

রায় ঘোষণার সময় সে পলাতক ছিলেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর মো. মল্লিক মইন উদ্দিন আহমেদ সুহেল।

মামলার এজহার সূত্রে জানা যায়, মা রুজিনা বেগম ওমান প্রবাসে থাকার কারণে ভিকটিম ইমন মিয়া ও তার ছোট ভাই জীবন মিয়া শান্তিগঞ্জ মুক্তাখাই গ্রামে মামা নাছির উদ্দিনের বাড়িতে বসবাস করতেন এবং স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী আজাদ মিয়ার বাড়িতে গুরু রাখালের চাকুরি করতেন। চাকরির সুবাদে আজাদ মিয়ার দোকানে যাতায়াত থাকায় দোকানের কর্মচারী, আসামি মো. সায়মন ওরফে সাইমুলের সঙ্গে ভিকটিম রাখাল বালকের পরিচয় হয় এবং বন্ধুত্ব গড়ে উঠে। আসামি সাইমনের সাথে ফার্নিচার দোকানের পার্শ্ববর্তী বাড়ির এক নারীর পরকীয়া সম্পর্ক ছিলো। ওই নারীর বাড়িতে রাখাল বালক ইমনের মাধ্যমে মোবাইল ফোনের ব্যাটারি চার্জ দিতেন পরকীয়া প্রেমিক সাইমুন। বিষয়টি বুঝতে পারলে রাখাল বালককে বাড়িতে আসতে না করেন নারীর পরিবারের লোকজন। ঘটনার দিন, ২০২১ সালের ৩ মার্চ রাতে আসামি সাইমুন ওই নারীর বাসায় আবারও মোবাইল চার্জে পাঠাতে চাইলে রাজি হননি রাখাল বালক ইমন। এ নিয়ে কথা কাটাকাটির হলে একপর্যায়ে আসামি সায়মন উত্তেজিত হয়ে দোকানে থাকা গরু কাটার ছুরি দিয়ে ভিকটিম ইমন মিয়ার গলায় আঘাত করলে, উক্ত আঘাতে ভিকটিম ইমন মিয়া মাটিতে পড়ে যায় ও মৃত্যুবরণ করেন।

এই ঘটনা বাদি হয়ে মামলা দায়ের করেন ভিকটিমের মামা নাছির উদ্দিন। পুলিশ তদন্ত শেষে আসামি সাইমুনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বুধবার বিকালে এই মামলার রায় ঘোষণা করেন বিচারক।

রায়ে সন্তোষ প্রকাশ করে পাবলিক প্রসিকিউটর মো. মল্লিক মইন উদ্দিন আহমেদ সুহেল বলেন, দ্রুত সময়ে বিচার প্রক্রিয়ায় এই রায়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। এই রায়ে ভিকটিমের পরিবার ন্যায়বিচার পেয়েছে।

প্রতিনিধি/ এজে