জেলা প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৬, ০৮:২২ পিএম
বিকেল পাঁচটার পর করা যাবে না ভিক্ষাবৃত্তি। করলে ওই ভিক্ষুককে ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড ও কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। এছাড়া প্রতি সপ্তাহে মঙ্গলবার ছাড়া অন্য দিনগুলোতে ভিক্ষা করা যাবে না।
রীতিমতো মাইকিং করে এমনই সব নির্দেশনা জারি করেছে শেরপুরের নকলা উপজেলার স্থানীয় ‘ফকির কমিটির’ প্রধান আনোয়ার। ওই ঘটনার ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।
ভিক্ষাবৃত্তির নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়ে ‘ফকির কমিটির’ সভাপতি আনোয়ার ঘোষণা করেছেন, বিকেল ৫টার পর কেউ ভিক্ষা করলে তাকে ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড ও কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। পাশাপাশি সপ্তাহের প্রতি মঙ্গলবার ব্যতীত বাকি দিনগুলোতে ভিক্ষা করা নিষিদ্ধ।
বুধবার (২৫ নভেম্বর) ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই নানা আলোচনা শুরু হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসা এক ব্যক্তি হ্যান্ডমাইক হাতে বাজারের লোকজনের সামনে বক্তব্য দিচ্ছেন। ফকির কমিটির সভাপতি হিসেবে নিজের পরিচয় দিয়ে তিনি জানান, বিকেল ৫টার পর ভিক্ষাবৃত্তি চালানো যাবে না। কেউ এই সময়সীমা অমান্য করে ভিক্ষা করলে তাকে ১ হাজার ৫০০ টাকা জরিমানার পাশাপাশি কারাদণ্ড ভোগ করতে হবে।
এ বিষয়ে নকলা শহরের বাসিন্দা ও ছাত্রনেতা এন আই রিজন জানান, আনোয়ার মিয়া হুইলচেয়ারে বসেই ভিক্ষা করেন এবং হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে ভিক্ষা চেয়ে থাকেন।
ফকির সমিতির সভাপতি বলে দাবি করা এই ব্যক্তি শেরপুর ও বকশীগঞ্জ হয়ে ময়মনসিংহের ফুলপুর পর্যন্ত এলাকাকে নিজের আওতাধীন বলে জানিয়েছেন। তিনি নকলা উপজেলার জালালপুরের বাসিন্দা।
অন্যদিকে, স্থানীয় একটি কমিটির পক্ষ থেকে এভাবে জরিমানা কিংবা কারাদণ্ডের মতো শাস্তির ঘোষণা দেওয়ার বৈধতা বা আইনি ক্ষমতা নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এছাড়া ভিক্ষাবৃত্তির জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ এবং নিয়ম লঙ্ঘনে জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি দেওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা মন্তব্য করছেন নেটিজেনরা।
কেউ কেউ উদ্যোগটিকে বাজারের শৃঙ্খলা বজায় রাখার পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার অনেকে প্রশ্ন তুলেছেন, জরিমানা বা কারাদণ্ড দেওয়ার মতো শাস্তি ঘোষণার আইনগত এখতিয়ার কোনো স্থানীয় ফকির কমিটির আছে কি না।
এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, তিনি এ বিষয় অবগত নন। খোঁজখবর নিয়ে বলতে পারবেন।
প্রতিনিধি/এএইচ