জেলা প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পিএম
সরকারি স্বাস্থ্যসেবায় ব্যবহারের জন্য বরাদ্দ করা চিকিৎসাসামগ্রী অফিস থেকে রাতের বেলায় বাইরে নিয়ে বিক্রির অভিযোগ উঠেছে শরীয়তপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের এক কর্মচারীর বিরুদ্ধে। আমির হোসেন নামে ওই কর্মচারী কার্যালয়ের ইপিআই বিভাগে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত।
বুধবার (২৫ নভেম্বর) রাতে অফিস থেকে ব্যান্ডেজসহ বিভিন্ন চিকিৎসাসামগ্রী মোটরসাইকেলে করে নিয়ে বিক্রির সময় তাকে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে।
রাতের বেলায় সরকারি স্বাস্থ্য কার্যালয় থেকে চিকিৎসাসামগ্রী বাইরে নেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। সরকারি কাজে ব্যবহারের জন্য বরাদ্দ করা এসব সামগ্রী কীভাবে অফিসের বাইরে নেওয়া হচ্ছে, সেগুলো কার এবং কোথায় বিক্রি করা হচ্ছে—তা নিয়ে আলোচনা চলছে।
স্থানীয় সূত্রের দাবি, আমির হোসেন প্রায়ই রাতে অফিস থেকে অন্য লোকের মাধ্যমে বিভিন্ন মালামাল গাড়িতে তুলে বাইরে পাঠান। এ নিয়ে কেউ আপত্তি জানালে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি জানেন বলে দাবি করেন। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত ব্যবসা পরিচালনার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

তবে অভিযোগ অস্বীকার করে আমির হোসেন বলেন, ‘এসব ব্যান্ডেজ ও চিকিৎসাসামগ্রী আমার নিজের। আমি ব্যবসা করি। আমার কাছে কোনো ক্যাশ মেমো নেই। আমার স্যার সবকিছু জানেন। আমি অফিসে রেখেই ব্যবসা করি।’
এ বিষয়ে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল বিধান মোহাম্মদ সানাউল্লাহর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখন ব্যস্ত আছি। এ বিষয়ে কোনো বক্তব্য দিতে পারব না।’
অন্যদিকে, শরীয়তপুরের সিভিল সার্জন ডা. মো. রেহান উদ্দিন বলেন, রাতের বেলায় সরকারি অফিসের মালামাল বিক্রির কোনো সুযোগ নেই। কেউ এ ধরনের কাজ করে থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি অফিস থেকে রাতে চিকিৎসাসামগ্রী বাইরে নেওয়ার অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
প্রতিনিধি/এসএস