জেলা প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম
বরিশাল সদর উপজেলায় রবিউল হাওলাদার (৫৩) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কর্নকাঠী বাজারসংলগ্ন কোরতাল বাড়িতে একটি ঘরের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।
রবিউল হাওলাদার ওই এলাকার নুরুল আমিনের ছেলে। বরিশাল নগর পুলিশের বন্দর থানার ৭ নম্বর ওয়ার্ডের বিট কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) পিন্টু পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই পিন্টু পাল বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
স্থানীয় বাসিন্দা আরিফুর রহমান জানান, স্ত্রীকে ঘরের বাইরে পাঠিয়ে রবিউল আত্মহত্যা করেছেন বলে তিনি জানতে পেরেছেন। ঘটনার আগে মঙ্গলবার তার কাছ থেকে পাওনা টাকা পরিশোধ করেছিলেন রবিউল। প্রথম স্ত্রীর মৃত্যুর পর সম্প্রতি তিনি আবার বিয়ে করেন। আগের সংসারে তার তিন সন্তান রয়েছে।
আরিফুর রহমান আরও জানান, ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হলে সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেন।
প্রতিনিধি/এসএস