Dhaka Mail Logo

সারাদেশ

বরগুনায় ৩০ বিদ্যালয়ে অভিভাবকদের বিশ্রামাগার ‘ছায়া-পরশ’ নির্মাণ

২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম

বিদ্যালয়ে সন্তানদের নিয়ে আসা অভিভাবকদের স্বস্তিতে বসার ও অপেক্ষার সুবিধা নিশ্চিত করতে বরগুনা জিলা স্কুলে ‘ছায়া-পরশ’ (অপেক্ষমান কক্ষ) উদ্বোধন করা হয়েছে। জেলার ছয়টি উপজেলার ৩০টি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে এই কক্ষ নির্মাণের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। 

তারই ধারাবাহিকতায় বরগুনা জিলা স্কুলে বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় কর্মসূচির উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক মিজ তাসলিমা আক্তার।

বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে প্রকল্পটি বাস্তবায়ন করেন সদ্য বিদায়ী ইউএনও শাহ আজিজ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মো. ছালেহ, নবাগত বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল নাহার তামান্না, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলাকালে অপেক্ষারত অভিভাবকদের বসার জন্য একটি সুন্দর, নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ উদ্যোগ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশকে আরও অভিভাবকবান্ধব করে তুলবে এবং শিক্ষার্থী ও অভিভাবক উভয়ের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে জেলা প্রশাসন বিশ্বাস করে। ‘ছায়া পরশ’ অভিভাবকদের জন্য এক টুকরো স্বস্তির ঠিকানা হিসেবে আখ্যায়িত করেন জেলা প্রশাসক।

প্রতিনিধি/এসআই