Dhaka Mail Logo

সারাদেশ

গাজীপুরে শ্রমিকদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ১১ জন আহত

জেলা প্রতিনিধি

২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম

ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত না মেনে গাজীপুরে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপে ছয় পুলিশ ও পাঁচ আনসার সদস্য আহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর সালনা এলাকায় এ ঘটনা ঘটে।

S

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণ অমান্য করে সালনা এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আন্দোলনে নামে শ্রমিকরা। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান। এতে বিক্ষুব্ধ হয়ে শ্রমিকরা পুলিশ ও আনসার সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পাঁচ পুলিশ সদস্য ও পাঁচ আনসার সদস্য আহত হন।

এছাড়া মালেকের বাড়ি এলাকায় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে আরও এক পুলিশ সদস্য আহত হন। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

S

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন সাংবাদিকদের জানান, সালনা এলাকায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া পাঁচ আনসার সদস্য আহত হয়েছেন। 

তিনি জানান, মালেকের বাড়ি এলাকায় আরও একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রতিনিধি/এএইচ