জেলা প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পিএম
চাঁদা আদায়ের পরিমাণ বাড়ানোকে কেন্দ্র করে সড়ক পরিবহন মালিক সমিতি ও বাস মালিকদের মধ্যে বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে পড়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে জেলার দূরপাল্লার বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগে প্রতিটি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা আদায় করা হতো। সম্প্রতি সড়ক পরিবহন মালিক সমিতি এই চাঁদার পরিমাণ বাড়িয়ে ১৫০ টাকা নির্ধারণ করে। বর্ধিত চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে এর প্রতিবাদে দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন বাস মালিকদের একাংশ।
বুধবার সকাল থেকেই ঢাকা, রাজশাহীসহ দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য বাস টার্মিনালে ভিড় করেন যাত্রীরা। কিন্তু বাস না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় তাদের। জরুরি প্রয়োজনে যাত্রা করা অনেকেই বাধ্য হয়ে বাড়তি ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। এতে সময় ও অর্থ—দুই দিক থেকেই ভোগান্তিতে পড়েছেন তারা।
তবে জেলার সব বাস চলাচল বন্ধ থাকার বিষয়টি অস্বীকার করেছেন চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নান্নু মিয়া। তিনি বলেন, সব বাস চলাচল বন্ধ নেই। মূলত চাঁদা আদায়ের বিষয়টি নিয়ে সামান্য কিছু জটিলতা তৈরি হয়েছে।
হঠাৎ বাস চলাচলে এই অচলাবস্থার কারণে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন যাত্রীরা। দ্রুত মালিকপক্ষের বিরোধ নিরসন করে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।
প্রতিনিধি/এসএস