জেলা প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পিএম
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে শেখ হাসিনার প্রত্যাবর্তন ও সরকারের পতন একই দিনে ঘটবে।
তিনি বলেন, ‘আপনারা (সরকার) যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করেন, একদিকে ঐক্যের কথা বলেন, অন্যদিকে পুনর্বাসন প্রকল্প চালু রাখেন, তাহলে মনে রাখবেন, শেখ হাসিনার আগমন এবং সরকার পতন একই সঙ্গে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদের রাজনীতি দেখতে চায় না। খুনের রাজনীতি, তাণ্ডবের রাজনীতি দেখতে চায় না।’
বুধবার (২৫ নভেম্বর) সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে রুকনদের ভোটে চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হন অ্যাডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমন।

রেজাউল করিম আরও বলেন, ‘শেখ হাসিনা যদি আসেন, তাহলে তাকে ফাঁসির মঞ্চে যেতে হবে। আর এটির জন্য কোনো রাজনৈতিক দলের প্রয়োজন নেই। ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলে যারা নির্যাতিত হয়েছেন, সেই নির্যাতিতরাই শেখ হাসিনা যে পথে আসবেন, সেখান থেকে তাকে ধরে নিয়ে ফাঁসি কার্যকর করবেন।’
তিনি বলেন, ‘আজকে বিভিন্ন জায়গায় বোমাবাজি, গাড়িতে সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাসের যেসব ঘটনা ঘটছে, এগুলো ক্ষমতাসীনদের হাতের কামাই। তারাই অর্থবিত্ত ব্যয় করে ফ্যাসিবাদীদের পুনর্বাসনের পরিকল্পনা নিয়েছেন। মন্ত্রী-এমপি থেকে শুরু করে তারা কারাগারে গিয়ে ফুলের তোড়া দিয়ে তাদের স্বাগত জানিয়েছেন।’
জামায়াতের এই নেতা আরও বলেন, ‘আজকে যিনি রাষ্ট্রপতি, তিনি তৎকালীন বিএনপির মহাসচিব ছিলেন। তিনি তার নির্বাচনি এলাকায় বলেছিলেন, আওয়ামী লীগের লোকজন বিএনপির ধানের শীষে ভোট দিলে তাদের সব মামলা তুলে নেওয়া হবে এবং তারা শান্তিতে থাকতে পারবেন। এখন কী শান্তির বার্তা নিয়ে আসছে, নাকি আগুন নিয়ে আসছে? এই আগুন শুধু আপনাদের ঘর জ্বালাচ্ছে না, গোটা বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার পরিকল্পনা নিয়ে এগিয়ে আসছে।’
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির এ আর হাফিজ উল্লাহ, নায়েবে আমির মাওলানা ফারুক হোসাইন নূরনবী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুর রহমান, চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমির অ্যাডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমন, সাবেক আমির নুর মোহাম্মদ রাসেল ও মাওলানা নাজমুল ইসলাম শামীম প্রমুখ।
প্রতিনিধি/এসএস