Dhaka Mail Logo

সারাদেশ

মোবাইলের গ্যালারিতে পিস্তলের ছবি, চাচা-ভাতিজা গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৫ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পিএম

চাঁদপুরে পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজাকে গ্রেফতার করা হয়েছে। মোবাইল ফোনের গ্যালারিতে পিস্তলের ছবি দেখে পুলিশের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে তাদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) ভোর ৬টার দিকে কচুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন কড়ইশ গ্রামের জাকির হোসেনের ছেলে নাহিদ হোসেন (২৭) এবং একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. আরাফাত (২১)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চাঁদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গনি স্কুলের পেছনে কুড়ালিয়া এলাকায় সদর মডেল থানা-পুলিশের পক্ষ থেকে একটি চেকপোস্ট বসানো হয়। এসআই কালাম গাজী ও এএসআই কামরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই চেকপোস্টে সন্দেহজনকভাবে চলাচল করায় ১০ যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

একপর্যায়ে তাদের মোবাইল ফোন যাচাই করতে গিয়ে মো. আরাফাতের ফোনের গ্যালারিতে একটি পিস্তলের ছবি দেখতে পান পুলিশ সদস্যরা। এ বিষয়ে জিজ্ঞাসাবাদে আরাফাত জানান, পিস্তলটি তার চাচা নাহিদ হোসেনের। শখের বশে পিস্তলটি হাতে নিয়ে তিনি ছবিটি তুলেছিলেন।

পরে আরাফাতের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে এসআই কালাম গাজীর নেতৃত্বে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশের একটি দল কচুয়া থানা-পুলিশের সহযোগিতায় কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালায়। এ সময় নাহিদ হোসেনের বসতঘরের খাটের ড্রয়ারের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্বে থাকা এসআই কালাম গাজী জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় নাহিদ হোসেন ও তার ভাতিজা মো. আরাফাতকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়েছে। এ ছাড়া চেকপোস্টে আটক অপর ১০ যুবকও থানা হেফাজতে রয়েছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, গ্রেফতার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস