Dhaka Mail Logo

সারাদেশ

ঝিনাইদহে বিশ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৫ নভেম্বর ২০২৬, ০২:০৭ পিএম

ঝিনাইদহ সদর উপজেলায় অভিযান চালিয়ে ২০ দশমিক ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে পোড়াহাটি এলাকায় হৃদয় হোসেনের ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার খাটের নিচ থেকে ২০.৫ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম মো. হৃদয় হোসেন (২৪)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার ৯ নম্বর পোড়াহাটি এলাকার মো. সাহেব হোসেনের ছেলে।

এসআরবি জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসআরবি-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। এর অংশ হিসেবে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে পোড়াহাটি এলাকায় হৃদয় হোসেনের ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার খাটের নিচ থেকে ২০.৫ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ বিষয়ে ঝিনাইদহের এসআরবি -৬ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক জব্দ এবং হত্যা ও ধর্ষণের মতো চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের বিরুদ্ধে এসআরবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জব্দ গাঁজাসহ গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

প্রতিনিধি/টিবি