Dhaka Mail Logo

সারাদেশ

অবৈধ সম্পদ: ফরেস্ট একাডেমির কর্মচারী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

জেলা প্রতিনিধি

২৫ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পিএম

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে নোয়াখালীতে চট্টগ্রাম ফরেস্ট একাডেমির প্রধান সহকারী মো. শাহ আলম ও তার স্ত্রী মোসা. শাহনাজ বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৫ নভেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালীর উপসহকারী পরিচালক মো. জাহেদ আলম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন চট্টগ্রাম ফরেস্ট একাডেমির প্রধান সহকারী হিসেবে কর্মরত মো. শাহ আলম (৫৩) এবং তার স্ত্রী মোসা. শাহনাজ বেগম (৫১)। শাহ আলম নোয়াখালীর সেনবাগ উপজেলার নলুয়া গ্রামের মৃত মো. চান মিয়ার ছেলে।

দুদক সূত্রে জানা গেছে, শাহ আলম তৃতীয় শ্রেণির সীমিত বেতনভুক্ত সরকারি কর্মচারী। চার সন্তানের লেখাপড়া ও ভরণপোষণের ব্যয় নির্বাহের পর তার বৈধ আয় পাওয়া গেছে ৫৯ লাখ ২০ হাজার ৪৭২ টাকা। তবে দুদকের অনুসন্ধানে তার পারিবারিক ও অন্যান্য ব্যয় ২০ লাখ টাকা এবং স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ পাওয়া গেছে ৮২ লাখ ৪৩ হাজার ৯৬৬ টাকা।

অনুসন্ধানে তার নামে নোয়াখালীর সেনবাগ উপজেলার নলুয়া মৌজায় ১০টি দলিলে ১৫৪ দশমিক ২৫ শতাংশ এবং চট্টগ্রামের হালিশহরের রামপুর মৌজায় সাড়ে পাঁচ শতাংশ জমির তথ্য পাওয়া যায়। সব মিলিয়ে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৪৩ লাখ ২৩ হাজার ৪৯৪ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এ অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা করা হয়েছে।

অন্যদিকে, শাহ আলমের স্ত্রী শাহনাজ বেগমের বিরুদ্ধে অনুসন্ধানে দেখা গেছে, তিনি একজন গৃহিণী এবং তার নিজস্ব আয়ের কোনো উৎস নেই। তিনি স্বামীর ওপর নির্ভরশীল। অথচ গত বছরের ৯ অক্টোবর দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে শাহনাজ বেগমকে ব্যবসায়ী দেখিয়ে তার নামে ৯০ লাখ টাকার ব্যবসায়িক মূলধন থাকার মিথ্যা তথ্য দেন শাহ আলম বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া শাহনাজ বেগমের নামে ৪২ লাখ ৯৫ হাজার ৫০০ টাকার স্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়া এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

দুদকের উপসহকারী পরিচালক মো. জাহেদ আলম জানান, চট্টগ্রাম ফরেস্ট একাডেমিতে প্রধান সহকারী হিসেবে কর্মরত থাকার সুবাদে শাহ আলম অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন বলে অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তার ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে।

প্রতিনিধি/এসএস