Dhaka Mail Logo

সারাদেশ

যাত্রাবিরতির দাবিতে মোহনপুরে বনলতাসহ ৩ ট্রেন আটকে মানববন্ধন

জেলা প্রতিনিধি

২৫ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেন অবরুদ্ধ করেন তারা। পরে একইভাবে ঢাকাগামী সিল্ক সিটি ও প্রভাতি এক্সপ্রেস ট্রেন অবরুদ্ধ করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে লাহিড়ী মোহনপুর রেলস্টেশন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্টেশনের আশপাশের বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

মানববন্ধন চলাকালে এলাকাবাসী রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস, একইভাবে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি ও পাবনা থেকে প্রভাতি এক্সপ্রেস ট্রেন অবরুদ্ধ করে রাখেন। পরপর তিনটি ট্রেন প্রায় ২০ মিনিট অবরুদ্ধ থাকার পর লাহিড়ী মোহনপুর স্টেশন ছেড়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে চারটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করতে হবে। দীর্ঘদিন ধরে এ দাবির কথা জানিয়ে আসলেও তা বাস্তবায়ন না হওয়ায় তারা মানববন্ধন ও ট্রেন অবরোধের মতো কর্মসূচি পালন করেছেন।

এলাকাবাসীর দাবি, লাহিড়ী মোহনপুর স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু হলে আশপাশের এলাকার যাত্রীদের যাতায়াতের দুর্ভোগ কমবে এবং যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে।

লাহিড়ী মোহনপুর স্টেশন মাস্টার রেজওয়ান হোসেন বলেন, এই এলাকার জনসাধারণ দাবি করছেন আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির জন্য। সেই দাবি নিয়ে তারা ৩টি ট্রেন অবরুদ্ধ করেছেন। পরে প্রতিটি ট্রেন ২০ মিনিট বিলম্বে স্টেশন ছাড়ে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদেরকে আশ্বস্ত করা হয়। পরে অবরোধকারীরা তাদের অবরোধ তুলে নেয়।

প্রতিনিধি/এসআই