জেলা প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৫ এএম
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নাশকতার মামলায় তিনজনকে গ্রেফতারের পর এবার আদালতে এফিডেভিট দাখিল করে মামলা প্রত্যাহারের আবেদন করেছেন বাদী। গত ২১ নভেম্বর থানায় করা এ মামলায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পরদিন (২২ নভেম্বর) বাদী ও পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি মাহাবুব আলম আদালতে এফিডেভিট দাখিল করেন।
এতে তিনি দাবি করেন, সাদা কাগজে তার স্বাক্ষর নিয়ে সেটিকে এজাহার হিসেবে ব্যবহার করে মামলা করা হয়েছে। তবে বাদীর এ অভিযোগ অস্বীকার করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
আদালতে দাখিল করা বাদীর এফিডেভিট সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারি মুঠোফোনে মাহাবুব আলমকে থানায় ডেকে নেন। তিনি থানায় গেলে একটি স্বাক্ষরের প্রয়োজন রয়েছে বলে তার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়। পরে ওই স্বাক্ষরিত কাগজটি এজাহার হিসেবে প্রস্তুত করে মামলা করা হয়েছে বলে এফিডেভিটে অভিযোগ করেন মাহাবুব আলম।
মামলায় রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দীন, পৌর আওয়ামী লীগের সম্পাদক মহাদেব বসাক, সাবেক সম্পাদক সাধন বসাক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানাসহ ১১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।
এফিডেভিটে মাহাবুব আলম দাবি করেন, মামলার বিষয়ে তিনি কিছুই জানেন না এবং তার সামনে কোনো নাশকতার ঘটনাও ঘটেনি। এটি ওসির কৌশল বলেও উল্লেখ করেন তিনি। গ্রেফতাররা মামলা থেকে অব্যাহতি কিংবা জামিন পেলে তার কোনো আপত্তি নেই বলেও এফিডেভিটে জানান।
এদিকে মামলার পরপরই তিনজনকে গ্রেফতার করে রানীশংকৈল থানা পুলিশ। তারা হলেন- নিষিদ্ধ সংগঠন পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার (৫০), বাচোর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজানুল হক রঞ্জু (৪০) ও ছাত্রলীগের সক্রিয় কর্মী আব্দুর রাজ্জাক (২৮)। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তবে বাদীর অভিযোগ অস্বীকার করে রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারি বলেন, বাদী নিজেই থানায় এসে এজাহার দিয়েছেন। এ বিষয়ে ভিডিও ফুটেজও রয়েছে। এখানে পুলিশের কোনো কৌশল ছিল না। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাদী মাহাবুব আলম বলেন, ‘আমি কোনো মামলা করিনি। কোনো ঝামেলাতেও জড়াতে চাই না। যারা দলের গুরুত্বপূর্ণ পদে আছেন, তারাই মামলা করবেন। আমাকে এখানে ফাঁসানো হয়েছে।’
পুলিশ সুপার বেলাল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার পক্ষে সাব-ইন্সপেক্টর বিল্লাল বলেন, ‘স্যার একটু ব্যস্ত আছেন। বিষয়টি আমি স্যারকে জানাব।’
অন্যদিকে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ বলেন, পীরগঞ্জ-রাণীশংকৈল একটি শান্তিপ্রিয় এলাকা। এখানকার পরিবেশ শান্ত রয়েছে। কোনোভাবেই এ পরিবেশ অশান্ত করা যাবে না। পুলিশ মামলা-বাণিজ্যের উদ্দেশে এ মামলা করেছে বলে অভিযোগ করেন তিনি। বাদী মামলাটি প্রত্যাহার করবেন বলেও জানান এই সংসদ সদস্য।
প্রতিনিধি/এলএ