Dhaka Mail Logo

সারাদেশ

রাস ঘোরাতে হাজারো ভক্তের সমাগম, উৎসবমুখর রায় সাহেব বাড়ি

জেলা প্রতিনিধি

২৫ নভেম্বর ২০২৬, ০৩:২০ এএম

রাতের নিস্তব্ধতা ভেঙে শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ভক্তদের হরিনামে মুখর হয়ে ওঠে দিনাজপুর শহরের রায় সাহেব বাড়ি। রাস পূর্ণিমার প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে বিশেষ আয়োজনে শুরু হয় রাস উৎসব। বিশেষভাবে তৈরি রাসে রাধাগোবিন্দের বিগ্রহ স্থাপন করে ঘোরানো হয় রাস। এ সময় পূর্ণতা ও পুণ্যলাভের আশায় ভক্তরা একে একে রাস ঘুরিয়ে প্রার্থনায় অংশ নেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে শহরের গণেশতলার রায় সাহেব বাড়ি শ্রী শ্রী গিরিধারী জিউ মন্দির প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়।

03

রাস উৎসব ঘিরে মন্দির প্রাঙ্গণ সাজানো হয় বর্ণিল আলোকসজ্জায়। বিকেল থেকেই শুরু হয় পূজা-অর্চনা ও আরতি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভক্তদের উপস্থিতি। দূর-দূরান্ত থেকে নারী-পুরুষ, শিশু ও বয়োজ্যেষ্ঠরা দলে দলে এসে ভিড় করেন মন্দির প্রাঙ্গণে। কারও হাতে পূজার সামগ্রী, কেউ আবার রাস ঘুরিয়ে প্রার্থনায় মগ্ন। সব মিলিয়ে হাজারো ভক্তের পদচারণায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।

রাস পূর্ণিমা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে ১৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান। পূজা, আরতি, নামসংকীর্তন ও রাস ঘোরানোকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে বিরাজ করে ধর্মীয় আবহ ও উৎসবের আমেজ।

রাস পূর্ণিমা উৎসবে আসা দিথী গাঙ্গুলী বলেন, প্রতিবছরেই এখানে আসা হয়। রাস পূর্ণিমায় এখানে এসে পূজা দিতে পারলে মনে প্রশান্তি আসে। সংসার ও পরিবারের সুখ-শান্তি, সুস্বাস্থ্য এবং সবার মঙ্গল কামনায় ভগবানের কাছে প্রার্থনা করেছি।

02

দিল্লিপ বলেন, আমি ছোটবেলা থেকেই এই রাস উৎসব দেখে আসছি। আগে পরিবারের বড়দের সঙ্গে আসতাম, এখন নিজের সন্তানদের নিয়ে আসি। এভাবে প্রজন্ম থেকে প্রজন্মে ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে চাই।

নবমিতা রায় বলেন, আমি ছোটবেলা থেকেই রায় সাহেব বাড়ির রাস উৎসব দেখে আসছি। প্রতিবছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। পরিবারের সদস্যদের নিয়ে মন্দিরে এসে পূজা দিয়ে থাকি এবং রাস ঘুরিয়ে ভগবানের কাছে সবার মঙ্গল কামনা করি।

আয়োজক কমিটির আহ্বায়ক সুশীল চন্দ্র দাস বলেন, ৩২ বছর ধরে রায় সাহেব বাড়ি শ্রী শ্রী গিরীধারী জিউ মন্দির প্রাঙ্গণে এই রাস উৎসব পালিত হয়ে আসছে। প্রতিবছর হাজারো ভক্তের অংশগ্রহণে মহাধুমধামে এ উৎসব উদ্‌যাপন করা হয়। পূর্ণতা ও পুণ্যলাভের আশায় ভক্তরা রাস পূর্ণিমায় এসে পূজা-অর্চনার মাধ্যমে প্রার্থনা করেন।

প্রতিনিধি/এলএ