জেলা প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৬, ০২:১৮ এএম
চাঁদপুরের হাজীগঞ্জে চুরির মামলায় সাতক্ষীরার আশাশুনিতে উদ্ধার হওয়া টয়োটা করোলা প্রাইভেটকারটি নিজের নয় বলে দাবি করেছেন উপজেলা যুবদলের সদস্যসচিব আবু জাহিদ সোহাগ।
তার ভাষ্য, স্থানীয় ইলিয়াস নামে এক ব্যক্তি প্রায় দুই মাস আগে গাড়িটি কেনেন। তিনি মাঝেমধ্যে দূরে যাতায়াতের জন্য ইলিয়াসের কাছ থেকে গাড়িটি ভাড়া নিতেন। পুলিশ গাড়িটির খোঁজে এলাকায় এলে তিনি তাদের সহযোগিতা করেন বলেও দাবি করেছেন সোহাগ।
মঙ্গলবার দেওয়া এক বক্তব্যে আবু জাহিদ সোহাগ এসব কথা বলেন। এর আগে সোমবার ভোরে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বাউসুলি (মান্দারা) এলাকায় তার মাছের ঘের থেকে চাঁদপুরের হাজীগঞ্জে চুরি হওয়া সাদা রঙের টয়োটা করোলা প্রাইভেটকারটি উদ্ধার করে পুলিশ।
আবু জাহিদ সোহাগের দাবি, প্রায় দুই মাস আগে তার এলাকার ইলিয়াস নামে এক ব্যক্তি গাড়িটি কেনেন। এরপর থেকে গাড়িটি ভাড়ায় চালানো হতো। তিনি বিভিন্ন সময়ে দূরে যাতায়াতের প্রয়োজনে গাড়িটি ভাড়া নিতেন। ইলিয়াসের বাড়ি ও তার মাছের ঘের কাছাকাছি হওয়ায় সোমবার ঢাকা ও আশাশুনি থেকে আসা পুলিশ সদস্যরা ইলিয়াসের বাড়ির সামনে অবস্থান নেন। তার পরিচয় জানার পর পুলিশ তাকে সহযোগিতার জন্য ডাকে।
সোহাগ বলেন, ঘটনাস্থলে গিয়ে তিনি পুলিশের কাছে বিষয়টি বিস্তারিত শোনেন এবং তাদের আইনি কাজে সহযোগিতা করেন। পুলিশের কথামতো ইলিয়াসকে তাদের সঙ্গে পাঠান। পরে ইলিয়াসের সহযোগিতায় পুলিশ ঢাকায় গাড়ির প্রকৃত চোরকে ধরতে সক্ষম হয় বলে দাবি করেন তিনি। এরপর পুলিশ ইলিয়াসকে বাড়ি ফিরে যেতে বললে তিনি ফিরে আসেন।
এর আগে গাড়িটি উদ্ধারের পর ঘেরের কর্মচারী এনামুল শেখ বলেছিলেন, প্রায় তিন মাস আগে আবু জাহিদ সোহাগ পাশের ঘেরের কর্মচারী ইলিয়াসের মাধ্যমে গাড়িটি কিনেছিলেন। গাড়িটির পেছনে তিনি দেড় লাখ টাকা খরচ করেন বলেও জানান এনামুল। স্থানীয় বাসিন্দা খোকন সরদারও বলেছিলেন, প্রায় তিন মাস ধরে সোহাগ গাড়িটি ব্যবহার করতেন।
হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নূরে আলম এর আগে জানিয়েছিলেন, চুরির মামলার তদন্তে গাড়িটির অবস্থান আশাশুনির বাউসুলি এলাকায় শনাক্ত করে তারা সেটি উদ্ধার করেন। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেছিলেন, আবু জাহিদের জিম্মা থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
গাড়ি চুরির ঘটনায় ইলিয়াসের ভূমিকা, ঢাকায় প্রকৃত চোর গ্রেপ্তারের দাবি এবং এ ঘটনায় আবু জাহিদ সোহাগের বিরুদ্ধে পুলিশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট পুলিশের হালনাগাদ বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিনিধি/এলএ