Dhaka Mail Logo

সারাদেশ

জুলাইযোদ্ধাকে হত্যা: ওলামা ও স্বেচ্ছাসেবক দল নেতাসহ চারজনের নামে মামলা

জেলা প্রতিনিধি

২৫ নভেম্বর ২০২৬, ০১:৩৯ এএম

নেত্রকোনার মদনে পৌরসভার টোল আদায় নিয়ে আব্দুল বারেক (৭০) নামে চোখ হারানো এক জুলাইযোদ্ধাকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।

আব্দুল বারেক একজন গেজেটভুক্ত জুলাইযোদ্ধা। ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের ছররা গুলিতে এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছিলেন তিনি। 

এ ঘটনায় পৌরসভার টোল আদায়ের ইজারাদার, ওলামা দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

মঙ্গলবার বিকালে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালাহউদ্দিন করিম এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে সোমবার রাতে নিহত বারেকের নাতি মো. আরিফুল ইসলাম মদন থানায় মামলাটি করেন। 

মামলার আসামিরা হলেন- মদন উপজেলার চানগাঁও চকপাড়া এলাকার আলী উসমান ওরফে আরাধন (৪২), রিপন মিয়া (৪২), পৌরশহরের বাড়িভাদেরা গ্রামের আতিকুল ইসলাম (১৯) ও মো. রায়হান মিয়া (৩৫)।

আসামিদের মধ্যে রায়হান মিয়া পৌরসভার টোল আদায়ের ইজারাদার। তিনি পৌর ওলামা দলের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের ধর্মবিষয়ক সম্পাদক। আলী উসমান স্থানীয় জোবাইদা রহমান মহিলা কলেজের অফিস সহকারী এবং মদন উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক। রিপন মিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

এ ঘটনায় অভিযুক্ত আতিকুল ইসলামকে ঘটনার পরপরই আটক করে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত আব্দুল বারেক উপজেলার চানগাঁও ইউনিয়নের চানগাঁও চকপাড়া গ্রামের বাসিন্দা। ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের ছররা গুলিতে তার এক চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। অন্য চোখটিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ কারণে তাকে নিয়মিত চিকিৎসা নিতে হতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ময়মনসিংহ থেকে চিকিৎসা শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে মদনে ফিরছিলেন বারেক। পথে উপজেলার চানগাঁও ইউনিয়নের চানগাঁও গ্রামের মড়লবাড়ির সামনে কেন্দুয়া-মদন সড়কে পৌরসভার টোল আদায় করছিলেন ইজারাদারের প্রতিনিধি আতিকুল ইসলাম।

ওই স্থানে টোল আদায় নিয়ে অটোরিকশাচালক রায়হানের সঙ্গে আতিকুলের বিরোধ বাঁধে। নির্ধারিত ২০ টাকা টোল দিতে চালকের কাছে খুচরা টাকা না থাকায় তিনি এক হাজার টাকার নোট দেন। অভিযোগ, আতিকুল তাকে বাকি টাকা ফেরত দিচ্ছিলেন না। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে চালককে মারধর শুরু করেন আতিকুল।

এ সময় অটোরিকশা থেকে নেমে চালককে রক্ষা করতে এগিয়ে যান বারেক। একপর্যায়ে আতিকুল তাকেও মারধর করেন। কিল-ঘুষিতে বারেক সড়কের পাশের ড্রেনে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, পৌরসভার যানবাহন থেকে টোল আদায়ের ইজারা নেওয়া হলেও নিয়মনীতি উপেক্ষা করে দীর্ঘদিন ধরে পৌরসভার বাইরের বিভিন্ন স্থানে গাড়ি আটকে টোল আদায় করা হচ্ছে।

মদন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল জানান, রায়হান আমাদের প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক। তবে বর্তমানে কোন মিডিয়ায় কাজ করছে- আমার মনে নেই। অন্যদিকে আলী উসমান আমাদের প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, সে এখন নিয়মিত লিখে কিনা আমার জানা নেই। তবে মাঝেমাঝে পত্রিকায় লিখে এবার লিখেও না।

তিনি বলেন, ঘটনার সময় আতিকুল ছাড়া অন্য তিনজন ঘটনাস্থলে ছিল না। তবু কেন তাদেরকে আসামি করা হলো জানি না। তবে তদন্ত করে প্রকৃত দোষীকে সাজা দেওয়া হোক। কোন নিরপরাধ যেন হয়রানির শিকার না হয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বলেন, এ ঘটনায় চারজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গ্রেফতার আতিকুল ইসলামকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

প্রতিনিধি/এলএ