Dhaka Mail Logo

সারাদেশ

বন্ধ মেঘনা-গোমতী সেতু, বিকল্প লেনে চলছে যানবাহন

জেলা প্রতিনিধি

২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর চট্টগ্রামমুখী সেতুর বিয়ারিং প্যাডে ত্রুটি দেখা দিয়েছে। অতিরিক্ত কম্পনের কারণে মেরামতের জন্য সেতুটি ৩ দিন ধরে বন্ধ রাখা হয়েছে। বিকল্প হিসেবে পাশের ঢাকামুখী নতুন দুই লেনের সেতু দিয়ে ঢাকা ও চট্টগ্রাম উভয়মুখী যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টা থেকে সেতুটি বন্ধ রাখা হয়। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে দাউদকান্দি টোল প্লাজা ও সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রামমুখী সেতুর কুমিল্লা অংশের বিয়ারিং প্যাডে অতিরিক্ত কম্পন দেখা দেওয়ায় নিরাপত্তার স্বার্থে সেতুটির দুই লেন বন্ধ রাখা হয়েছে। 

যান চলাচল স্বাভাবিক রাখতে পাশের নতুন দুই লেনের সেতু দিয়ে উভয়মুখী যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে জানিয়ে নির্বাহী প্রকৌশলী আশা প্রকাশ করেন, এতে যান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটবে না।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রেমদাস রায় বলেন, সড়ক ও জনপথ বিভাগ থেকে সেতুতে ত্রুটির বিষয়টি জানানো হয়েছে। মেরামতের জন্য চট্টগ্রামমুখী সেতুর দুই লেন বন্ধ রাখা হয়েছে। বিকল্প সেতু দিয়ে উভয়মুখী যান চলাচল নির্বিঘ্ন রাখতে হাইওয়ে পুলিশ প্রস্তুত রয়েছে। আশা করছি, যানজট বা ভোগান্তি তৈরি হবে না।

তবে আক্ষেপ করে তিনি বলেন, বিষয়টি আরও আগে জানানো হলে সাধারণ মানুষকে আগেভাগে সতর্ক করা এবং যানজট নিয়ন্ত্রণে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সুবিধা হতো।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর পুরনো সেতুটি দিয়ে চট্টগ্রামমুখী এবং নতুন দুই লেনের সেতুটি দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল করে। এর আগেও কয়েক দফায় মেরামতের জন্য পুরনো সেতুটি বন্ধ রাখা হয়েছিল। সে সময় নতুন সেতু দিয়ে দুই দিকের যানবাহন চলাচল করায় যানজটের আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মুন্সীগঞ্জের ভবেরচর ও কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ সদস্যদের সেতুর দুই প্রান্তে বাড়তি সতর্ক অবস্থানে থাকতে হয়েছিল।

প্রতিনিধি/এলএ