Dhaka Mail Logo

সারাদেশ

জয় বাংলা স্লোগানে লক্ষ্মীপুর আদালতে হট্টগোল

জেলা প্রতিনিধি

২৪ নভেম্বর ২০২৬, ১০:২২ পিএম

লক্ষ্মীপুর জেলা আদালত চত্বরে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান পাটওয়ারীকে লাঞ্ছিত করা হয়। একই ঘটনায় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের হুমকি দেওয়ার অভিযোগে প্রতিবাদ মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে কারাগারে নেওয়ার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রিজনভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে। এ সময় তাঁরা জয় বাংলা স্লোগান দিলে আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সংশ্লিষ্ট আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী বলেন, জামিন শুনানির জন্য ১৭ জন আসামিকে আদালতে হাজির করা হয়েছিল। কারাগারে নেওয়ার পথে প্রিজনভ্যানে ওঠার সময় তাঁরা জয় বাংলা স্লোগান দেন। এ সময় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটওয়ারী প্রিজনভ্যানে উঠে দুই আঙুল দেখিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের হুমকি দেন। এর প্রতিবাদে বিএনপিপন্থী আইনজীবীরা মিছিল করেন।

এদিকে, সন্ধ্যার পর আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মনিরুজ্জামান পাটওয়ারীর ছবি প্রকাশ করে তাঁকে লাঞ্ছিত করার অভিযোগ করেন। তাঁদের দাবি, জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে তাঁকে হেনস্তা করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আইনজীবী অভিযোগ করেন, স্লোগান দেওয়াকে কেন্দ্র করে কারাগার থেকে আদালতে আনা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। বিএনপির নেতা লোকমান কমিশনার এ হামলায় নেতৃত্ব দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। ওই আইনজীবীর দাবি, এক পুলিশ সদস্য প্রতিবাদ করলে তাঁর ওপরও হামলা চালানো হয়।

এপিপি আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী জানান, সদর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মনিরুজ্জামান পাটওয়ারী ও রাজু আহমেদকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ১ নম্বর আদালতে হাজির করা হয়। বিচারক মো. ওমর ফারুক ওই মামলায় রাজু আহমেদকে জামিন দিয়েছেন। এ ছাড়া চন্দ্রগঞ্জ থানায় দায়ের করা বিভিন্ন মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ১৫ নেতাকর্মীকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

মনিরুজ্জামান পাটওয়ারী জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। জামিন পাওয়া রাজু আহমেদ লক্ষ্মীপুর পৌর কৃষক লীগের সভাপতি। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো দায়িত্বশীল নেতার বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিবাদ মিছিল শেষে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি করেছে। এখন আবার ফ্যাসিবাদী কায়দায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। জামিন নিয়ে তারা তাঁদের ও আইনজীবীদের হুমকি দিচ্ছে। কিছু আইনজীবীও তাদের উৎসাহ ও সমর্থন দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

এআর