Dhaka Mail Logo

সারাদেশ

কক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫

জেলা প্রতিনিধি

২৪ নভেম্বর ২০২৬, ১০:১২ পিএম

কক্সবাজারের ঈদগাঁওয়ে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে আরও দুজন নিহত হয়েছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়।

নিহতদের মধ্যে দুজন নারী, দুজন পুরুষ ও একটি শিশু রয়েছে। তাদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নলবনিয়া গ্রামের শামসুল আলমের ছেলে সাহাব উদ্দিন, পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফকিরাখোলা গ্রামের মুহাম্মদ ছাবেরের ছেলে মুহাম্মদ সাইফুল ইসলাম, তিনি পটিয়া মাদরাসার দাওরায়ে হাদিসের শিক্ষার্থী ছিলেন। 

অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হানিফ পরিবহনের বাসটির সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় তিন যাত্রী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অপর দুজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মজুমদার দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার পর ঈদগাঁও থানা-পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকে পড়ে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

প্রতিনিধি/এলএ