জেলা প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম
প্রতিবেশী এক তরুণের সঙ্গে অনৈতিক সম্পর্কের অপবাদ দিয়ে নীলফামারীর ডোমারে এক কিশোরীকে বাড়ির সামনে থেকে টেনেহিঁচড়ে নিয়ে মারধর ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সময় তার পোশাক ছিঁড়ে ফেলারও অভিযোগ রয়েছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে রোববার বিকেলে ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগি এলাকায় এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
নির্যাতনের শিকার কিশোরী স্থানীয় একটি কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে তার পরিবার।
ভুক্তভোগী ও তার পরিবারের অভিযোগ, একই এলাকার আব্দুল বাকির ছেলে আসিফের সঙ্গে কিশোরীর সম্পর্ক রয়েছে—এমন অপবাদ দিয়ে আসিফের মা ও পুত্রবধূ তাদের বাড়ির সামনে গিয়ে গালিগালাজ শুরু করেন। এ সময় কিশোরী তার ভাবির সঙ্গে বাড়ির সামনে বসে কথা বলছিল। একপর্যায়ে প্রতিবাদ করলে ওই দুই নারী তাকে টেনেহিঁচড়ে নিজেদের বাড়িতে নিয়ে যান। পরে বাড়ির উঠানে মারধর করেন এবং তার পোশাক ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ করা হয়েছে।
কিশোরী জানায়, আসিফ তার প্রতিবেশী চাচা। আসিফ তাকে ভাতিজি বলে ডাকেন। তাদের মধ্যে কোনো অনৈতিক সম্পর্ক নেই। ঘটনার দিন ভাবির সঙ্গে বাড়ির সামনে বসে কথা বলার সময় আসিফের মা ও তার পুত্রবধূ এসে গালিগালাজ করেন এবং আসিফের সঙ্গে সম্পর্কের অভিযোগ তোলেন। এর প্রতিবাদ করায় তাকে বাড়ির ভেতরে নিয়ে মারধর করা হয়।
কিশোরীর ভাষ্য, তিনি বারবার অনুরোধ করেও নির্যাতন থেকে রেহাই পাননি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনার বিচার দাবি করেছে সে।

কিশোরীর মা ও ভাবির অভিযোগ, কোনো কারণ ছাড়াই তাকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে মারধর করা হয়েছে। যার সঙ্গে সম্পর্কের অভিযোগ তোলা হচ্ছে, তিনি বিবাহিত এবং তার সন্তান রয়েছে। আসিফ কিশোরীকে ভাতিজি বলে ডাকেন বলেও দাবি করেন তারা।
কিশোরীর বাবা বলেন, তার মেয়েকে মারধরের সময় সে অভিযুক্তদের কাছে অনুনয়-বিনয় করেছিল। এরপরও তাকে মারধর করা হয়। তিনি অভিযোগ করেন, ঘটনার পর থানায় অভিযোগ জানাতে গেলে প্রত্যাশিত সহযোগিতা পাননি। একপর্যায়ে হতাশ হয়ে ফিরে আসেন। তার প্রশ্ন, দরিদ্র হওয়ায় কি তিনি মেয়ের নির্যাতনের বিচার পাবেন না?
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর আসিফের পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজনকে নিয়ে একটি বৈঠক হয়। সেখানে মেয়েটি নিজের ইচ্ছায় ছেলের বাড়িতে গিয়েছিল বলে দাবি করা হয়। বৈঠকে আনারুল কমিশনারও উপস্থিত ছিলেন বলে তিনি জানতে পেরেছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে আসিফ বলেন, “মেয়েটির সঙ্গে আমি কোনো দিন ফোনেও কথা বলিনি। কেউ প্রমাণ দিতে পারবে না। আমি ওই মেয়েকে কখনোই খারাপ চোখে দেখিনি। সে আমার সম্পর্কে ভাতিজি।”
তবে তিনি বলেন, অনলাইন জুয়ায় টাকা হারানো এবং পরিবারের খরচ ঠিকমতো দিতে না পারার কারণে তার পরিবারের সদস্যরা মেয়েটিকে তার সঙ্গে সম্পর্কের বিষয়ে সন্দেহ করে থাকতে পারেন।
ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফাইজুল্লাহ বিপু জানান, রাতে কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কিশোরীর ভাষ্যমতে, তাকে মারধর করা হয়েছে। এ ঘটনায় সে মানসিকভাবেও ভেঙে পড়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার বলেন, নির্যাতনের ভিডিওটি তার নজরে এসেছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস