জেলা প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম
শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার প্রস্তুতির সময় ১৩ ও ১৭ বছর বয়সী দুই কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় তাদের সীমান্ত পার হতে সহায়তার অভিযোগে স্থানীয় তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার কর্ণঝুড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
আটক দুই কিশোরের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়। তারা হলেন গোবিন্দপুর গ্রামের কৃষ্ণপদ দাসের ছেলে অপু চন্দ্র দাস (১৭) এবং মৌলভী গ্রামের শিপন জল দাসের ছেলে চন্দন জল দাস (১৩)। চন্দনের ঠিকানা উসখালী বাজার ডাকঘর এলাকায়।
বিজিবির জিজ্ঞাসাবাদে ওই দুই কিশোর জানান, ভারতে থাকা তাদের চাচার কাছে শ্রমিকের কাজ করতে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। এ উদ্দেশ্যে তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অবৈধভাবে সীমান্ত পার হতে সহায়তার অভিযোগে শ্রীবরদী উপজেলার তিন ব্যক্তির নাম উঠে আসে। তারা হলেন বাবেলাকোনা গ্রামের নেহাল মিয়ার ছেলে মামুন মিয়া (২২), জয়নাল মিয়ার ছেলে কালু মিয়া (৩৫) এবং চান্দাপাড়া গ্রামের শফিক মিয়ার ছেলে মাসুদ মিয়া (২৫)। বিজিবির ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত তিনজনই পলাতক।
পরে আটক দুই কিশোরকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শ্রীবরদী থানায় সোপর্দ করা হয়। অন্যদিকে, অভিযুক্ত তিনজনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করে থানায় মামলা করেছে বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/ এজে