Dhaka Mail Logo

সারাদেশ

শেখ হাসিনা এ দেশেরই নাগরিক, আগে এলে সমস্যা কী: বাণিজ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি

২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পিএম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত দেশে ফেরার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, “এত দেরি করবেন কেন তিনি? আগে এলে সমস্যা কী? তিনি তো এ দেশেরই নাগরিক। ১৬ ডিসেম্বরই আসতে হবে কেন, যেদিনই আসেন চলে আসুন।”

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সিলেট প্রকৌশল কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা কেন দেশ ছেড়েছিলেন, সেই প্রশ্ন তার কাছে করা উচিত। তার ভাষ্য, দেশের মানুষের ক্ষোভের মুখে ভীত হয়ে শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন। এর আগে ১৫-১৬ বছর ধরে দেশে কয়েক শ মানুষ এক জায়গায় জড়ো হলেই আওয়ামী লীগ ও দলটির নেতারা আতঙ্কিত হয়ে পড়তেন। পুলিশ ও বিভিন্ন বাহিনী পাঠিয়ে সেই জমায়েত নস্যাৎ করার চেষ্টা করা হতো।

মন্ত্রী বলেন, শেখ হাসিনা যেদিনই দেশে ফিরতে চান, দ্রুত ফিরে আসতে পারেন। তিনি এ দেশের নাগরিক। নাগরিক হিসেবে দেশে তার আইনগতভাবে যা প্রাপ্য বা দায়বদ্ধতা রয়েছে, তা তাকে বহন করতে হবে।

সরকারি মালিকানাধীন শিল্পকারখানাগুলো পুনরুজ্জীবিত করার পরিকল্পনার কথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এসব কারখানার অধিকাংশের আয়ুষ্কাল অনেক আগেই শেষ হয়েছে। প্রায় ৬০ থেকে ৮০ বছর আগে প্রতিষ্ঠিত এসব কারখানার তালিকা তৈরি করে পুনরুজ্জীবনের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী বছরের শুরু থেকেই এ বিষয়ে দরপত্র আহ্বানের কার্যক্রম শুরু হবে।

তিনি জানান, সরকারি মালিকানাধীন প্রায় ৫০টি শিল্পকারখানায় বেসরকারি খাতের বিনিয়োগ আহ্বান করা হবে। নতুন বিনিয়োগের মাধ্যমে কারখানাগুলো পুনঃপ্রতিষ্ঠা করা গেলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে।

নতুন শিল্পকারখানা স্থাপনে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নতুন শিল্পে বিনিয়োগের জন্য ঋণ দেওয়ার উদ্যোগও নেওয়া হবে। এ খাতে বিনিয়োগে আগ্রহী উদ্যোক্তা রয়েছেন।

কৃষি খাতের সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশের কৃষি উৎপাদন সক্ষমতার পুরোপুরি ব্যবহার এখনো সম্ভব হয়নি। দেশে প্রতি হেক্টর জমিতে গড়ে সাড়ে তিন টন ধান উৎপাদিত হলেও তা ৬ থেকে ৭ টনে উন্নীত করার সুযোগ রয়েছে। উৎপাদন সক্ষমতার যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে বাংলাদেশ চালের নিট রফতানিকারক দেশেও পরিণত হতে পারে।

তিনি বলেন, একসময় পেঁয়াজে আমদানিনির্ভরতা থাকলেও বর্তমানে দেশে চাহিদার তুলনায় বেশি উৎপাদন হচ্ছে। একইভাবে অন্যান্য কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে। কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। এ খাতে তরুণদের সম্পৃক্ত করা গেলে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি অর্থনীতিও উপকৃত হবে।

আমদানি ও রফতনির ব্যবধান নিয়ে এক প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশের আমদানি ঐতিহাসিকভাবেই রফতানির তুলনায় বেশি। তবে শুধু এই ব্যবধান নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। বরং দেশের সামগ্রিক বাণিজ্যের পরিমাণ ও রফতনি সক্ষমতা বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো গেলে ডিজেল ও গ্যাস আমদানির ব্যয় কমানো সম্ভব। একইভাবে কৃষিপণ্যের উৎপাদন বাড়িয়ে খাদ্যপণ্যে আমদানিনির্ভরতা কমানো যাবে। অন্যদিকে রফতানিমুখী শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানি করতে হয়। তাই আমদানি-রফতানির ব্যবধানের পাশাপাশি উৎপাদন সক্ষমতা ও রফতানি সম্প্রসারণের বিষয়টিও বিবেচনায় নিতে হবে।

এর আগে সিলেট প্রকৌশল কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন বাণিজ্যমন্ত্রী। সেখানে কলেজের দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট নিরসন ও শিক্ষার পরিবেশ উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

মন্ত্রী বলেন, কলেজের খেলার মাঠ, মসজিদ ও পরিবহন সমস্যার সমাধানের পাশাপাশি প্রতিষ্ঠানটিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো প্রতিষ্ঠানটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা।

তিনি আরও বলেন, কলেজটি প্রতিষ্ঠার সময়ই একে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার প্রত্যাশা ছিল। তবে বর্তমান অবকাঠামো ও জায়গার সীমাবদ্ধতা এ পরিকল্পনা বাস্তবায়নে বাধা হয়ে রয়েছে। তা সত্ত্বেও প্রতিষ্ঠানটিকে উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবালের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলুসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা।

পরে বাণিজ্যমন্ত্রী হজরত শাহপরাণ (রহ.) মাজার সড়ক থেকে ভাওয়াল টিলা পর্যন্ত সড়ক উন্নয়ন, সীমানাপ্রাচীর, প্রতিরোধ দেয়াল ও নালা নির্মাণকাজের উদ্বোধন করেন।

প্রতিনিধি/এসএস