জেলা প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম
গোপালগঞ্জ সদর উপজেলায় মুরগিবাহী পিকআপের চাপায় গুরুতর আহত শিবা বিশ্বাস (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে একই দিন সকালে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে পিকআপের ধাক্কায় গুরুতর আহত হয় সে।
নিহত শিবা বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া গ্রামের ধীমান বিশ্বাসের ছেলে। সে টুঠামান্দ্রা হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
সাতপাড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কৌশিক কীর্তনীয়া জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে মোটরসাইকেলে করে পাটকেলবাড়ির লিংক রোড থেকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে উঠছিল শিবা। এ সময় টেকেরহাট থেকে খুলনাগামী মুরগিবাহী একটি পিকআপ মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে শিবার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় দুর্ঘটনায় জড়িত পিকআপটি স্থানীয় লোকজন আটক করেছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা যুক্ত করা যেতে পারে।
প্রতিনিধি/এসএস