Dhaka Mail Logo

সারাদেশ

সেন্টমার্টিনে ৫ অবৈধ ট্রলিং বোটসহ আটক ১০১

জেলা প্রতিনিধি

২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পিএম

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১০১ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বোটগুলো থেকে ২৮টি ট্রলিং জাল ও ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গত সোমবার সকাল ৭টার দিকে সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্র এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অপারেশন ‘কোরাল দ্বীপ’-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’ বিশেষ এ অভিযান চালায়।

অভিযান চলাকালে ওই এলাকায় মাছ ধরতে থাকা পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটগুলোতে তল্লাশি চালিয়ে ২৮টি ট্রলিং জাল ও ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ১০১ জন জেলেকেও আটক করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছ এবং আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরও বলেন, দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ মাছ শিকার প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে