Dhaka Mail Logo

সারাদেশ

মণিপুরী জনপদে প্রাণের উচ্ছ্বাস: শুরু হলো ঐতিহ্যবাহী মহারাসলীলা

জেলা প্রতিনিধি

২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম

খোল-করতালের ছন্দ আর ভক্তিগীতিতে মুখর চারপাশ। রাসমণ্ডপে চলছে শ্রীকৃষ্ণের লীলার বর্ণিল উপস্থাপনা। এমনই ধর্মীয় আবহে মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হয়েছে মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মহারাসলীলা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ও আদমপুরে পৃথক আয়োজনে উদযাপিত হচ্ছে মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহারাসলীলা।

বুধবার ভোরে শ্রীকৃষ্ণের মহারাসলীলার মধ্যদিয়ে এবারের উৎসবের সমাপ্তি ঘটবে।

রাসমেলায় পূণ্যার্থীদের ভিড়। ছবি: ঢাকা মেইল
রাসমেলায় পূণ্যার্থীদের ভিড়। ছবি: ঢাকা মেইল

আয়োজকরা জানান, অন্যান্য বছরের মতো এবারও মণিপুরীদের দুই সম্প্রদায়ের উদ্যোগে পৃথক স্থানে রাস উৎসবের আয়োজন করা হয়েছে। মাধবপুরের জোড়া মণ্ডপে বিষ্ণুপ্রিয়া (মণিপুরী) সম্প্রদায়ের ১৮৪তম এবং আদমপুরের মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে মৈতৈ (মণিপুরী) সম্প্রদায়ের ৪১তম মহারাসলীলা হচ্ছে।

দুই সম্প্রদায় পৃথক স্থানে আয়োজন করলেও উৎসবের মূল সুর ও তাৎপর্য অভিন্ন। আয়োজকদের ভাষায়, এই উৎসবের অন্তর্নিহিত বার্তা বিশ্বশান্তি, সম্প্রীতি ও সত্য-সুন্দরের মধ্যদিয়ে মানবপ্রেমের প্রতিষ্ঠা।

মহারাসলীলা উপলক্ষে উভয় স্থানে বসেছে মেলা। জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে হাজারো ভক্তের পাশাপাশি দেশি-বিদেশি পর্যটকদের পদচারণে মুখর হয়ে উঠেছে কমলগঞ্জের মণিপুরী অধ্যুষিত জনপদ।

03

মাধবপুর মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদমুরারী সিংহ স্বপন বলেন, মহারাসলীলার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে দুপুরে ‘গোষ্ঠলীলা’ বা রাখালনৃত্যের মধ্যদিয়ে। এতে রাখালবেশে কৃষ্ণের বাল্যকাল তুলে ধরা হচ্ছে। কৃষ্ণের সখ্য ও বাৎসল্য রসের বিভিন্ন দিক নৃত্য ও সংগীতের মাধ্যমে উপস্থাপন করছেন শিল্পীরা। গোধূলি পর্যন্ত চলবে এই আয়োজন।

তিনি আরও বলেন, রাত ১১টায় শুরু হবে মধুর রসের নৃত্য ‘শ্রীকৃষ্ণের মহারাসলীলানুসরণ’। বুধবার ভোরের ব্রাহ্ম মুহূর্ত পর্যন্ত চলবে এই পরিবেশনা। এতে গোপিনীদের সঙ্গে শ্রীকৃষ্ণের মধুর লীলা নৃত্য, গান ও সুরের মাধ্যমে ফুটিয়ে তুলবেন শিল্পীরা।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ তালুকদার বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রতিনিধি/এলএ