Dhaka Mail Logo

সারাদেশ

রূপগঞ্জের আওয়ামী লীগ নেতা উত্তরায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজুর রহমান সজিবকে গ্রেফতার করেছে উত্তরা থানা পুলিশ। 

সোমবার (২৩ নভেম্বর) গভীর রাতে যৌথবাহিনীর সদস্যরা ঢাকার উত্তরা থানা এলাকায় অভিযান চালায়।

ঢাকার উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় রাতের আঁধারে দলীয় লোকজন নিয়ে নাশকতা করে উত্তরায় আত্মগোপনে ছিল হাফিজুর রহমান সজিব। 

তার বিরুদ্ধে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ, নাশকতা, বিস্ফোরকসহ বেশ কিছু অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। মঙ্গলবার দুপুরে নাশকতা, অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

এদিকে হাফিজুর রহমান সজিবের গ্রেফতারের খবরে মঙ্গলবার সকালে রূপগঞ্জের ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি আনন্দ মিছিল করেছে। 

মিছিলে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, আব্বাস উদ্দিন ভুইঁয়া, আব্দুল জলিল, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক চন্দন ফকির, ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া প্রমুখ।