Dhaka Mail Logo

সারাদেশ

নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

জেলা প্রতিনিধি

২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম

নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন কমিটি।

কমিটির নেতৃবৃন্দ বলেন, তারা এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চান, যেখানে কোনো নারী বা শিশুকে সহিংসতার ভয়ে নিজের স্বাধীনতা, স্বপ্ন, সম্ভাবনা কিংবা মৌলিক অধিকার বিসর্জন দিতে হবে না। সামাজিক অবস্থান, ক্ষমতা, রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাবের কারণে কোনো অপরাধী যেন জবাবদিহির বাইরে থাকতে না পারে। একই সঙ্গে সহিংসতার শিকার নারী ও শিশুকে অবিশ্বাস, অপবাদ, অবহেলা কিংবা সামাজিক বর্জনের মুখোমুখি হতে হবে না। বরং তারা যেন নিরাপত্তা, সম্মান, প্রয়োজনীয় সহায়তা ও ন্যায়বিচার পান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি ও আহ্বান জানানো হয়।

3dbf8de0-5a0b-488d-9a65-06b32502e4fc

সংবাদ সম্মেলনে পিংকি বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য দেন তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন কমিটির সদস্য রিপন চাকমা, কমিটির সভাপতি ও কেএমকেএসের নির্বাহী পরিচালক গীতিকা ত্রিপুরা, মিলনপুর মহিলা সমিতির প্রতিনিধি ও কমিটির সদস্য ত্রিণা চাকমা এবং কমিটির সদস্য নমিতা চাকমা।

এ সময় কমিটির সভাপতি ও কেএমকেএসের নির্বাহী পরিচালক গীতিকা ত্রিপুরা জানান, জেলায় আগামী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

তিনি বলেন, এসব কর্মসূচির উদ্দেশ্য কেবল প্রতীকী প্রতিবাদ কিংবা আনুষ্ঠানিক সচেতনতা সৃষ্টি নয়; বরং নারী ও শিশুর প্রতি সব ধরনের সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের দায়িত্বশীলতা ও জবাবদিহি নিশ্চিত করা।

প্রতিনিধি/এসএস