Dhaka Mail Logo

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক, ডিলার পলাতক

জেলা প্রতিনিধি

২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে বিক্রির উদ্দেশে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে সদর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় অভিযান চালিয়ে সারবোঝাই ট্রাকটি জব্দ করা হয়। এ সময় ট্রাকের চালক আব্দুল মান্নানকে আটক করে পুলিশ।

আটক আব্দুল মান্নান যশোরের অভয়নগর উপজেলার মশিউরনগর এলাকার আব্দুর রহিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোরের নওয়াপাড়া থেকে ট্রাকভর্তি ইউরিয়া সার চাঁপাইনবাবগঞ্জের গোলাপেরহাট এলাকার বিসিআইসি সার ডিলার হুমায়ুন কবিরের গুদামে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মহারাজপুর মেলার মোড়ে অবস্থান নেয়। পরে ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়।

c102cf2a-a4cc-4e0a-b45e-f954811b5c03

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিসিআইসি ডিলার হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে সারের কালোবাজারির সঙ্গে জড়িত। তবে অভিযানের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সকাল থেকে তার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ পাওয়া গেছে। মুঠোফোনেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, অবৈধভাবে বেশি দামে বিক্রির উদ্দেশ্যেই সারগুলো যশোর থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা হচ্ছিল। অভিযানে ট্রাকচালককে আটক করা হলেও অভিযুক্ত ডিলারকে পাওয়া যায়নি।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ বলেন, কালোবাজারে বিক্রির উদ্দেশে আনা আনুমানিক ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/এসএস