উপজেলা প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৬, ০৪:১১ পিএম
বেনাপোল সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও নাশকতা ঠেকাতে নজরদারি ও টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক আক্কাস আলীর একটি বক্তব্যকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাতে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বেনাপোল সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রয়োজনে কফিনের বক্স খুলে দেখা হবে, হাসিনার লাশ আছে কি না।’
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার ভারতের পেট্রাপোল সীমান্ত এলাকায় আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক, আলাউদ্দিন নাফিজ ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ কয়েকজন পলাতক নেতা জড়ো হয়ে বৈঠক করেছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ নিয়ে সীমান্তবর্তী গ্রামগুলোর মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এ পরিস্থিতির পর সোমবার রাত থেকে বেনাপোলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করতে দেখা যায়। ক্যাম্প থেকে এসব ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছেন বিজিবি সদস্যরা। পাশাপাশি গোয়েন্দা নজরদারি, অস্থায়ী চেকপোস্টে তল্লাশি এবং টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।
বিজিবির পাশাপাশি বিএনপির নেতাকর্মী ও স্থানীয় গ্রামবাসীদেরও রাত জেগে সীমান্ত পাহারা দিতে দেখা গেছে।
সীমান্তঘেঁষা সাদাপুর গ্রামের বাসিন্দা জাকির হোসেন বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের নাশকতা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তাঁরা রাত জেগে বিজিবির সঙ্গে পাহারা দিচ্ছেন। দেশের স্বার্থে বিজিবিকে সহযোগিতা অব্যাহত রাখবেন তারা।
বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি আতিকুজ্জামান সনি বলেন, ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে বিএনপির নেতাকর্মীরা পাহারা দিচ্ছেন। বন্দরকে নাশকতা থেকে রক্ষা করতে শ্রমিক দলের তিন হাজার শ্রমিকও পাহারায় রয়েছেন বলে দাবি করেন তিনি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে। সিসি ক্যামেরা, সার্চলাইট ও ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে।
প্রতিনিধি/এসএস