Dhaka Mail Logo

সারাদেশ

তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর: দুর্বিষহ জীবন কাটছে আহত শ্রমিকদের

উপজেলা প্রতিনিধি

২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৯ এএম

দেশের পোশাকশিল্পের ইতিহাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের একটি তাজরীন ট্র্যাজেডি। ২০১২ সালের ২৪ নভেম্বর ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস কারখানায় ভয়াবহ আগুনে প্রাণ হারান ১১৪ জন শ্রমিক। আহত হন দুই শতাধিক। সেই ঘটনার ১৪ বছর পূর্তিতে নিহত শ্রমিকদের স্মরণ এবং আহত শ্রমিকদের পুনর্বাসনের দাবি সামনে রেখে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।

তবে এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি অনেক আহত শ্রমিক। তাদের অভিযোগ, পুনর্বাসন ও সুচিকিৎসার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়ন হয়নি বেশির ভাগই।

মঙ্গলকার (২৪ নভেম্বর) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস কারখানার সামনে মানববন্ধন করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের স্মরণে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় কারখানার নিচতলার গুদামঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে নয়তলা ভবনের বিভিন্ন তলায়। নিচতলার ফটক তালাবদ্ধ থাকায় অনেক শ্রমিক বের হতে পারেননি। প্রাণ বাঁচাতে যারা ওপরের তলা থেকে লাফিয়ে পড়েছিলেন, তাঁদের অনেকে বেঁচে গেলেও গুরুতর আহত হন। তাদের হাত-পা, বুকের পাঁজর ও কোমরসহ শরীরের বিভিন্ন হাড় ভেঙে যায়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অনেকে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি।

সরকারি হিসাবে, ওই অগ্নিকাণ্ডে ১১৪ জন শ্রমিকের মৃত্যু হয়। আহত হন দুই শতাধিক। তবে শ্রমিক নেতাদের দাবি, এ ঘটনায় আহত শ্রমিকের সংখ্যা এক হাজারের বেশি। তাদের মধ্যে ১৭২ জন স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন। অনেকেরই আর কর্মজীবনে ফেরার সামর্থ্য নেই। ফলে শারীরিক যন্ত্রণার পাশাপাশি জীবিকা নিয়েও সংকটে রয়েছেন তারা।

তাজরীন অগ্নিকাণ্ডের পর আহত শ্রমিকদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের বিষয়ে নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেসব প্রতিশ্রুতির বেশির ভাগই বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ শ্রমিক নেতাদের। দীর্ঘদিন পরও আহত শ্রমিকদের অনেকে প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসন না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন।

দিবসটি উপলক্ষে মানববন্ধনে শ্রমিক নেতারা ক্ষতিগ্রস্ত কারখানা ভবনটি ভেঙে সেখানে আহত শ্রমিকদের জন্য বাসস্থান এবং শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণের দাবি জানান। এ ছাড়া নিহত শ্রমিকদের এক জীবনের আয়ের সমপরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসেবে দেওয়া, আহত শ্রমিকদের সুচিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা এবং অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ী কারখানার মালিকসহ অন্যদের বিচার নিশ্চিত করার দাবি তোলেন তারা।

তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর পূর্ণ হলেও আহত শ্রমিকদের অনেকের জীবনেই কাটেনি দুর্বিষহ দিন। পুনর্বাসন ও কর্মসংস্থানের অভাবে তাদের অনেকেই আজও স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় রয়েছেন।

এ ব্যাপারে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অরবিন্দু বেপারী (বিন্দু) বলেন, পরিকল্পিতভাবে এ অগ্নিকাণ্ড ঘটানো হয়েছিল। ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিহতদের পরিবার ক্ষতিপূরণ পায়নি, আহত শ্রমিকরাও পাননি প্রয়োজনীয় চিকিৎসা ও সহযোগিতা। বর্তমান সরকারের কাছে দাবি জানাই, দ্রুত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার করা হোক।

এ সময় পরিত্যক্ত তাজরীন কারখানার জমিতে সরকারি অর্থায়নে শ্রমজীবী মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেন তিনি।

প্রতিনিধি/টিবি