জেলা প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ এএম
পিরোজপুরের বেকুটিয়া সেতুতে মোটরসাইকেলের সঙ্গে মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ও চারজন আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম শান্ত (২৫)। তিনি কাউখালী উপজেলার বেকুটিয়া এলাকার সতদর রায়ের ছেলে। পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যায় দুটি মোটরসাইকেলে পাঁচজন আরোহী কাউখালীর উদ্দেশে যাচ্ছিলেন। বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে বাইক দুটির সংঘর্ষ হয়। এতে পাঁচজন মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর শান্তকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আহতরা হলেন-কাউখালী উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মাহফুজুর রহমান (২৫), বাবর মাঝির ছেলে সুনান মাঝি, শান্ত (২৩) ও পিরোজপুর সদর উপজেলার মধ্যরাস্তা এলাকার মধুর ছেলে জয় (২৬)।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেকুটিয়া সেতুতে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে দুজনকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে তাদের অ্যাম্বুলেন্সে করে জেলা হাসপাতালে নিয়ে যান। এ ছাড়া আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারেন।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নিজাম উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে সন্ধ্যায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে প্রথমে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বাকি দুজনের অবস্থার অবনতি হলে তাদেরও প্রাথমিক চিকিৎসা শেষে খুলনায় পাঠানো হয়।
প্রতিনিধি/এমআর