জেলা প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৬, ১১:১৯ পিএম
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাড়ানি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাপলেজা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম অভি নিজ এলাকায় ফেরার উদ্দেশ্যে মঠবাড়িয়া সদরে অবস্থান করছিলেন। বিকেলে তাঁকে অভ্যর্থনা জানাতে সাপলেজা ইউনিয়ন থেকে তাঁর সমর্থকেরা মঠবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হন। পথে ভাড়ানি এলাকায় পৌঁছালে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী নাসির খানের সমর্থকদের সঙ্গে তাঁদের মুখোমুখি দেখা হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে অভির পক্ষের পাঁচ থেকে ছয়জন এবং নাসির খানের পক্ষের একজন সমর্থক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ঘটনার বিষয়ে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম অভি অভিযোগ করে বলেন, আমাকে অভ্যর্থনা জানাতে আসা আমার সমর্থকদের ওপর আগে থেকে ওত পেতে থাকা নাসির খানের লোকজন অতর্কিত হামলা চালিয়েছে। এতে আমার ছয়জন কর্মী গুরুতর আহত হয়েছেন। এলাকায় আমার ব্যাপক জনসমর্থন দেখে ঈর্ষান্বিত হয়ে তাঁরা এই ন্যক্কারজনক হামলা ঘটিয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী নাসির খান বলেন, অভির সমর্থকেরাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের লোকজনের ওপর হামলা চালিয়েছে। তাঁদের হামলায় ছাত্রদলের একজন কর্মীসহ আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন, যাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, সাপলেজা ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষের খবর পুলিশ পেয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/ আরআর