Dhaka Mail Logo

সারাদেশ

আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি

২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পিএম

সিরাজগঞ্জের এনায়েতপুরে কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আশরাফ আলী (৫৮) হত্যার ছয় দিন পর বিএনপির ও অঙ্গসংগঠনের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নিহত আশরাফ আলীর ছেলে ইয়াকুব আলী মামলাটি করেন। মামলায় নয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনকে আসামি করা হয়েছে। 

মামলাটি তদন্তের জন্য এনায়েতপুর থানার এস আই ফরিদ উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মামলার অন্যতম আসামিরা হলেন- বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এনায়েতপুর থানার ভাঙ্গাবাড়ি গ্রামের বাসিন্দা রইস উদ্দিন ব্যাপারী, এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদার, আজগড়া পাইকরতলা গ্রামের মো. খাজানুর, গোপরেখী গ্রামের হযরত আলী, খামার গ্রামের কলেজপাড়ার সেলিম হোসেন, ভাঙ্গাবাড়ি গ্রামের মো. সোনা মিয়া, দৌলতপুর দক্ষিণপাড়ার মো. মোস্তফা, গোপরেখীর মো. ইয়াহিয়া। এরা সকলেই বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। 

এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি মো. মোহায়মিনুল ইসলাম বলেন, মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি।

এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার (১৮ নভেম্বর) রাতে এনায়েতপুর থানার গোপরেখী ফুটানি মার্কেটে ইয়ামিনের দোকানে বসেছিলেন আওয়ামী লীগ নেতা আশরাফ আলী। ওই সময় মোটরসাইকেলযোগে ১০/১৫ জনের একটি গ্রুপ সেখানে যায়। একপর্যায়ে তারা আশরাফ আলীকে মারধর ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে সে মারা যায়।

প্রতিনিধি/এলএ