জেলা প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম
ফেনীর পরশুরামে মাদরাসার ছাদ থেকে পড়ে আবদুর রহিম (৫৫) নামে এক বাবুর্চির মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শালধর বাজারের সিদ্দিকীয়া হিফজুল কোরআন এতিমখানায় এ দুর্ঘটনা ঘটে। ছাদে উঠে নিমপাতা পাড়তে গিয়ে তিনি নিচে পড়ে যান।
নিহত আবদুর রহিম উপজেলার মালিপাথর এলাকার মৃত আবদুল গোফরানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই এতিমখানায় বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন।
মাদরাসা সূত্রে জানা যায়, আবদুর রহিম অ্যালার্জির সমস্যায় ভুগছিলেন। সোমবার ফজরের নামাজ আদায় শেষে সকাল ৬টা ২৪ মিনিটের দিকে তিনি এতিমখানার ছাদে নিমপাতা পাড়তে যান। একপর্যায়ে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এতিমখানার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. হানিফ জানান, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার শুরু থেকেই আবদুর রহিম সেখানে চাকরি করতেন। তার আকস্মিক মৃত্যুতে প্রতিষ্ঠানের সবাই শোকাহত।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম বলেন, নিমপাতা পাড়তে গিয়ে ছাদ থেকে পড়ে যাওয়ার ঘটনা সিসিটিভি ফুটেজে দেখা গেছে। পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় কারও আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। সোমবার রাতে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফনের কথা রয়েছে।
প্রতিনিধি/এসএস