জেলা প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম
দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকার অভিযোগে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
গত ২২ নভেম্বর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজিত বিক্ষোভ মিছিলে অনুপস্থিত থাকার অভিযোগে তাদের এ নোটিশ দেওয়া হয়।
শোকজ পাওয়া নেতারা হলেন সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরাম হোসেন, বাগবাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ এবং বহুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পলাশ শেখ।
সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) নাজমুল হক স্বাক্ষরিত পৃথক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শাতে হবে। এ ছাড়া আগামী দুই দিনের মধ্যে লিখিত বক্তব্য নোটিশদাতার কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিনিধি/এসএস