জেলা প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পিএম
পিরোজপুরে যুবক হাসানুর রহমান অপু হত্যা মামলায় শেখ রুম্মান হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলার অপর দুই আসামিকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড এবং চারজনকে খালাস দিয়েছেন আদালত।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী গ্রামের শেখ রুম্মান হোসেন, সুমনা বেগম ও সাদিয়া ইসলাম। তাদের মধ্যে শেখ রুম্মানকে যাবজ্জীবন এবং সুমনা বেগম ও সাদিয়া ইসলামকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৪ অক্টোবর রাতে সুপারি বিক্রির পাওনা টাকা দেওয়ার কথা বলে নেছারাবাদের সেহাঙ্গল গ্রামের সুপারি ব্যবসায়ী হাসানুর রহমান অপুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান শেখ রুম্মান হোসেন। এরপর থেকে নিখোঁজ ছিলেন অপু।
নিখোঁজের তিন দিন পর রুম্মানের নির্মাণাধীন বসতঘরের পাশে খড়ের গাদার নিচে মাটিচাপা অবস্থায় অপুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বোন সুমাইয়া আক্তার বাদী হয়ে একই দিন নেছারাবাদ থানায় হত্যা মামলা করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার এ মামলার রায় ঘোষণা করেন আদালত।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।
প্রতিনিধি/এসএস