Dhaka Mail Logo

সারাদেশ

নেত্রকোনায় টোল আদায় নিয়ে বিরোধ, মারধরে আহত জুলাইযোদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি

২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম

নেত্রকোনার মদন পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে বিরোধের জেরে মারধরের শিকার হয়ে আব্দুল বারেক (৭০) নামে এক জুলাইযোদ্ধার মৃত্যু হয়েছে। টোলের টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক অটোরিকশাচালককে মারধর করা হলে তাকে বাঁচাতে গিয়ে বারেকও হামলার শিকার হন বলে জানা গেছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে চানগাঁও ইউনিয়নের চানগাঁও গ্রামের মড়লবাড়ির সামনে কেন্দুয়া-মদন সড়কে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল বারেক চানগাঁও ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে তিনি এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছিলেন।

এ ঘটনায় অভিযুক্ত আতিকুল ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করেছে মদন থানা-পুলিশ। তিনি পৌরসভার বাড়িভাদেরা গ্রামের আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মদন পৌরসভার চলাচলকারী যানবাহন থেকে টোল আদায়ের জন্য মুফতি রায়হান আহমেদ ইজারা নেন। তবে নিয়মনীতি উপেক্ষা করে দীর্ঘদিন ধরে পৌরসভার বাইরে একাধিক স্থানে যানবাহন আটকে টোল আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

সোমবার দুপুরে ময়মনসিংহ থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে মদন যাচ্ছিলেন বারেক। পথে মদন উপজেলার চানগাঁও এলাকায় আতিকুল ইসলাম নামে এক যুবক টোল আদায় করছিলেন। ওই স্থানে টোল আদায় নিয়মবহির্ভূত বলে অভিযোগ থাকলেও চালক ২০ টাকা টোল দেন। তাঁর কাছে খুচরা টাকা না থাকায় এক হাজার টাকার নোট দেন। তবে বাকি টাকা ফেরত দিতে দেরি করায় চালক রায়হান টাকা ফেরত চান। এ নিয়ে আতিকুলের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আতিকুল চালককে মারধর শুরু করেন।

এ সময় অটোরিকশা থেকে নেমে চালককে বাঁচাতে এগিয়ে যান যাত্রী আব্দুল বারেক। তখন তাকেও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে কিল-ঘুষির আঘাতে বারেক পাশের ড্রেনে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অটোরিকশাচালক রায়হান বলেন, ‘আমি ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে মদন আসছিলাম। চানগাঁও নামক জায়গায় আমার গাড়ি আটকে ২০ টাকা টোল চায়। এ সময় আমার কাছে খুচরা টাকা না থাকায় এক হাজার টাকার নোট দিই। বাকি টাকা ফেরত চাইতেই মারধর শুরু করে। গাড়ির যাত্রী আমাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করে। পরে বারেক নামের বৃদ্ধ চাচা আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাই।’

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক এম এ কাদের বলেন, ‘কিছুদিন আগে আমি এখানে যোগদান করেছি। পৌরসভার টোল ইউনিয়নের আদায় করছে, সেটা আমার জানা নেই। এ ব্যাপারে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ইজারাদার রায়হান আহমেদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিনিধি/এসএস